ePaper

রামগঞ্জে স্বর্ণের দোকানের তালা ভেঙে সিন্দুক চুরি নৈশপ্রহরীকে হত্যা, লাশ মিললো হাজিগঞ্জে

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জের পাটবাজারে নিউ আপন শিল্পালয় নামের একটি স্বর্ণের দোকানের সার্টারের তালা ভেঙে রক্ষিত স্বর্ণালংকারসহ সিন্দুক চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দায়িত্ব প্রাপ্ত নৈশপ্রহরী ফরিদ (৪৪) রক্তাক্ত মরদেহ  হাত- পা ও মুখে স্কচটেপ পেঁচানো লাশ মিললো চাঁদপুরের হাজিগঞ্জে । ধারণা করা হচ্ছে চুরির ঘটনা দেখে ফেলায় তাকে উঠিয়ে নিয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে যাওয়া হয়।

শুক্রবার (১ মে) দিবাগত রাত কোন এক সময়ে  রামগঞ্জ পৌর শহরের পাট বাজারে নিউ আপন শিল্পালয়ে এ ঘটনা ঘটে। সকাল রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফরিদ রামগঞ্জ পৌরসভার মিজি বাড়ির মোঃ শাহাজাহানের ছেলে। তিনি রামগঞ্জ বাজারের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। রামগঞ্জ পুলিশ বক্স থেকে পাটবাজার পর্যন্ত তার দায়িত্বরত এলাকা ছিল।

বাজারের সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্থানীয়রা জানায়, এটি চুরি নয়, ডাকাতির ঘটনা। সাদা মাইক্রো নিয়ে তারা ডাকাতি করতে এসেছে । ধারণা করা হচ্ছে, তাদের ডাকাতির ঘটনা দেখে ফেলায় ফরিদকে ধরে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে মরদেহ হাজীগঞ্জ রাস্তার পাশে ফেলে রেখে গেছে।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী ব্যবসায়ী রূপন শীল বলেন, আমি ব্যবসা করে পরিবার নিয়ে কোন রকম ডাল ভাত খাই। আমার অঢেল টাকা নেই। ব্যবসাও ভালো যাচ্ছে না। এখন আমার দোকানের সার্টারের তালা ভেঙে চুরি করা হয়েছে । চোরের দল আমার স্বর্ণ ও রূপার অলংকারসহ সিন্দুকটিও নিয়ে গেছে। আমাকে শেষ করে দিয়ে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমার প্রায় ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে।

চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ইমারত হোসেন বলেন,শনিবার সকালে অজ্ঞাত হিসেবে ফরিদের মরদেহটি উদ্ধার করা হয়। তার হাত-পা মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া যায় তার বাড়ি রামগঞ্জে। ময়না তদন্তের শেষে নিহত ফরিদের মরদেহ  রামগঞ্জ থানার মাধ্যমে পরিবারের কাছে  হস্তান্তর করা হয় ।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ।

সিসি ক্যামেরা ধারণকৃত ছবি দেখে কারা এ ঘটনা ঘটিয়েছে সনাক্ত করে  আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গতকাল রবিবার সকাল ১১ টায়   জানাজার নামাজ শেষে নিহত  নৈশপ্রহরী ফরিদের  মরদেহ  রামগঞ্জ পৌরসভার সোনাপুর মিজি বাড়ির পারিবারিক কবর স্হানে  দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *