ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া এলাকায় আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। শনিবার (১ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে ফেনী থেকে মোরগ বোঝাই একটি পিকআপ ফুলগাজীর দিকে যাওয়ার পথে বন্দুয়া ব্রিজ সংলগ্ন চিড়া-মুড়ি ফ্যাক্টরির পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। দুর্ঘটনায় পিকআপটির চালক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা পর্যন্ত মোরগ বোঝাই পিকআপটি ব্রিজের নিচেই পড়ে ছিল। তাদের একজনের ভাষ্য, হঠাৎ গাড়িটির ব্রেক বিকল হয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর সেটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
