আরিফুর রহমান, মাদারীপুর
মাদারীপুর শহরের তরমুগুরিয়া এলাকার প্রসিসেস প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেছেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এসময় তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের স্নেহভরে কাছে টেনে নেন। রবিবার (১৭ মে) দুপুরে স্কুল চলাকালে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে গেলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলি খানমসহ ৩২ জন শিক্ষক এবং প্রায় ৩৯০ জন শিক্ষার্থী তাকে স্বাগত জানান।পরিদর্শনকালে সংসদ সদস্য বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনা উপভোগ করেন। এসময় কয়েকজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে বুকে জড়িয়ে ধরে তাদের খোঁজখবর নেন তিনি।স্কুলটির অবকাঠামোগত দুরবস্থাও ঘুরে দেখেন এমপি জাহান্দার আলী মিয়া। ভগ্নপ্রায় ভবন, ক্লাসরুম সংকট, টিনশেড কক্ষে পাঠদান, শিক্ষক-কর্মচারীদের জন্য পর্যাপ্ত অফিস কক্ষের অভাব এবং অসমাপ্ত তিনতলা ভবনের কাজ দেখে তিনি দুঃখ প্রকাশ করেন। দ্রুত এসব সমস্যার সমাধানে জেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।এসময় তিনি বলেন, “প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়। তাদের মধ্যেও রয়েছে সুপ্ত প্রতিভা। সঠিক পরিচর্যা, শিক্ষা ও সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। তাই তাদের প্রতি আমাদের সবাইকে আরও মানবিক হতে হবে।” স্থানীয়দের মতে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি সংসদ সদস্যের এমন মানবিক আচরণ উপস্থিত সবার মন ছুঁয়ে গেছে।
