ePaper

পুলিশ পরিচয়ে মোবাইল তল্লাশি, ছাগলনাইয়ায় তিন যুবক আটক

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের মোবাইল ফোন তল্লাশি ও হয়রানির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন—ছাগলনাইয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঁশপাড়া গ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে ইমাম হোসেন (২৮), একই গ্রামের কবির আহাম্মদের ছেলে নাজমুল হক মুন্না (৩৮) এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ যশপুর গ্রামের ফিরোজ আহমেদের ছেলে রাজীব হোসেন (৩৬)।

পুলিশ জানায়, ইমাম হোসেনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় দুটি মামলা রয়েছে। অন্যদিকে নাজমুল হক মুন্নার বিরুদ্ধে রয়েছে আটটি মামলা। স্থানীয়রা জানান, শনিবার রাতে ওই তিন যুবক গ্রামে ঢুকে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দেন। পরে তারা বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন তল্লাশি করতে থাকেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা তিনজনকে আটক করেন। এ সময় তাদের মারধর করা হয় বলেও জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের বলেন, এ চক্রটি বিভিন্নভাবে পুলিশ পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করে। তারা মানুষের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।