ePaper

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

হিলি প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট থানায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৫৮) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোর ৪টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিজানুর রহমান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের কলোরগাছা মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঘোড়াঘাট থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে ঘোড়াঘাট থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ডাক বিলির জন্য হাকিমপুর সার্কেল অফিসের উদ্দেশে রওনা করেন কনস্টেবল মিজানুর রহমান। উপজেলার ডুগডুগি বাজার এলাকায় পৌঁছালে সেখানে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। সেখানে ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়। এক বছর পর মিজানুর রহমানের চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল। তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। সৎ ও দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে এলাকায় তার পরিচিতি ছিল। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার বাদ আসর জানাজা শেষে তাকে গ্রামের বাড়িতে দাফন করার কথা রয়েছে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক পুলিশ সদস্য মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11311,9853,23156) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *