চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা


ইয়াকুব নবী ইমন, নোয়াখালী : বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী কেন্দ্রীক ৭০০ কোটি টাকা ব্যয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরী। এ ছাড়াাও গোলাবাড়িয়া কাঁচাবাজারে চারতলা ভবন, সহকারী কমিশনার(ভূমি) অফিস উন্নয়ন ও বেগমগঞ্জ বাস রেজিষ্ট্রারের কার্যালয় নতুন করে নির্মাণের ঘোষণা দিয়েছেন ি দিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধায় বেগমগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পরিদর্শনের অংশ হিসেবে প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের এ ক্যাটাগরির দুটি ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন সিনিয়র সচিব। এরপর চৌমুহনী ভূমি কর্মকর্তার কার্যালয় ও বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় ঘুরে দেখেন তিনি। পরে চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজার পরিদর্শন করেন কামরুজ্জামান চৌধুরী। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বাজারের অবকাঠামোগত উন্নয়নে সেখানে চারতলা ভবন নির্মাণের ঘোষণা দেন।
এ ছাড়া জরাজীর্ণ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী বাইপাস সড়ক নির্মাণের বিষয়ে পরিকল্পনা চলছে। এ ছাড়া সকলের সহযোগিতায় নতুন বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভবন নির্মাণ হবে।
এ সময় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, ওসি শামছুজ্জামান, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, দেলিল লেখক সমিতির উপদেষ্টা আবুল কালাম আজাদ, চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।