শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর (৪) ও আলিফ (৩) নামের দুই আপন চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮ টার দিকে হাসাড়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে এবং আলিফ সিঙ্গাপুর প্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮ টার দিকে নিহত শিশু দুটির দাদা হালিম দেওয়ান তার দুই নাতি মোস্তাফিজুর ও আলিফকে নিয়ে পার্শ্ববর্তী তাদের পুরাতন বাড়িতে ঘুড়তে যান। সেখানে তাদের দাদা বাড়ির লোকজনের সাথে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েন। এই সুযোগে শিশু দুটি বাড়ি সংলগ্ন পুকুরের পাড়ে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর সকালে শিশুদের খাবার খাওয়ানোর জন্য মা ডাকতে এসে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর স্যান্ডেল ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। দুই অবুঝ শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীনগরে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু


