ডিম কীভাবে খেলে বেশি পুষ্টিগুণ

নবচেতনা লাইফস্টাইল ডেস্ক : ছোট বড় সবারই পছন্দের খাবার ডিম। কেউ সকালের নাশতায় কেউ বা দিনের অন্য সময় বা রাতে ডিম খেতে পছন্দ করেন। কারও পছন্দ সিদ্ধ ডিম, কেউ বা নরম কুসুম পেতে হাফ সিদ্ধ ডিম খান। ডিম কীভাবে খেলে বেশি পুষ্টিগুণ মিলবে তা জানানো হয়েছে ‘টিভিনাইনে’র এক প্রতিবেদনে।

কী বলছে গবেষণা?

বিজ্ঞান পত্রিকা ‘দ্য জার্নাল অব নিউট্রিশন’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ভালোভাবে সেদ্ধ বা রান্না করা ডিম থেকে আমাদের শরীর প্রায় ৯১ শতাংশ প্রোটিন শুষে নিতে পারে। অন্যদিকে কাঁচা ডিম খেলে শরীর পায় মাত্র ৫১ শতাংশ প্রোটিন। অর্থাৎ, ডিম পুরোপুরি সিদ্ধ করলে তবেই তার আসল শক্তি শরীরে কাজে লাগে

একটি মাঝারি আকৃতির ৫০ গ্রাম ডিমে প্রায় ৬ গ্রাম খাঁটি প্রোটিন থাকে। ছোটদের বেড়ে ওঠা থেকে শুরু করে বড়দের শরীর গঠন, সব ক্ষেত্রেই এই প্রোটিন দারুণ কাজ দেয়। এছাড়া ডিমে শরীরের জন্য উপকারী ওমেগা-৩, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ফোলেট এবং ভিটামিন ডি ও বি রয়েছে। নিয়মিত ডিম খেলে শরীর ভেতর থেকে চাঙ্গা থাকে।

সিদ্ধ নাকি হাফ সিদ্ধ?
একাধিক গবেষণায় দেখা গেছে, হাফ বয়েল বা অর্ধসিদ্ধ ডিমে ‘সালমোনেল্লা’ নামে এক ধরনের ক্ষতিকর জীবাণু লুকিয়ে থাকতে পারে। এর থেকে পেট খারাপ, বমি বা ডায়রিয়ার মতো সমস্যা হওয়র ঝুঁকি থাকে। ডিম অন্তত ৭ থেকে ১০ মিনিট ভালোভাবে ফুটিয়ে পুরো সিদ্ধ করে নিলে এই জীবাণু পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই সুস্থ থাকতে সিদ্ধ ডিমই ভালো। কাঁচা ডিমে ‘অ্যাভিডিন’ নামে এক ধরনের প্রোটিন থাকায় এটি শরীরের দরকারি ভিটামিন ‘বায়োটিন’-কে কাজ করতে বাধা দেয়। এর ফলে অকালে চুল পড়তে শুরু করে এবং ত্বকের উজ্জ্বলতা কমে যায়। ডিম সিদ্ধ করলে এই ক্ষতিকর প্রভাব আর থাকে না।

ডিম পোচ বা ভাজা খাওয়া কি ঠিক?

নিয়মিত একইভাবে ডিম সিদ্ধ খেতে একঘেয়ে লাগলে ভাজা বা পোচ খেতে পারেন। সবচেয়ে ভালো হয় পানিতে পোচ বানিয়ে খেলে। এতে তেলের ভয় থাকে না, আবার স্বাদেও ভিন্নতা আসে। অনেকে আবার ডিম সিদ্ধ খেলে কুসুম বাদ দেন। কিন্তু পুষ্টিবিজ্ঞানের গবেষণা বলছে, সুস্থ মানুষ রোজ একটা গোটা ডিম অনায়াসেই খেতে পারেন। এতে শরীরের দরকারি ফ্যাটের চাহিদা মেটে। তবে রক্তে কোলেস্টেরলের মাত্রা খুব বেশি থাকলে ডিমের কুসুম না খাওয়াই ভালো।
নবচেতনা/এআর