রামগঞ্জে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা জননী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের তাপে পাশের একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রেস্ট হাউসের সামনে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১২-৯২৩১।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটির মালিক কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন। বুধবার রাতে চালক মমিন হোসেন বাসটি রামগঞ্জ রেস্ট হাউসের সামনে রেখে যান। প্রতিদিনের মতো বাসের সহকারী হেলাল ভেতরে ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করতে তিনি মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসের মালিক আমজাদ হোসেন বলেন, অগ্নিকাণ্ডে তাঁর বাসটি পুড়ে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
এদিকে আগুনের তাপে পাশের রাজু অটো নামের একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরা পুড়ে যায়। প্রতিষ্ঠানটির মালিক ইউছুফ আলী বাবু অভিযোগ করে বলেন, ওই স্থানে বাস না রাখার জন্য চালককে আগেও নিষেধ করা হয়েছিল। কিন্তু তিনি তা শোনেননি। আগুনে তাঁর প্রতিষ্ঠানের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়। বাসের একটি আসনের ওপর মশার কয়েলের অবশিষ্টাংশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।