স্বামীর স্বীকৃতি না পেয়ে তিন মাসের শিশুকে নিয়ে অসহায় হীরা, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন



শেখ রায়হান হোসেন, বাগেরহাট : কোলের শিশুটির বয়স মাত্র তিন মাস। পৃথিবীতে আসার পর থেকেই বাবার পরিচয় ও স্বীকৃতি থেকে বঞ্চিত বলে অভিযোগ তার মায়ের। ছোট্ট রাফিয়াকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে মা হীরা খাতুনের (৪৩)। নিজের খাবারের সংস্থান করতেই যেখানে তাঁকে হিমশিম খেতে হচ্ছে, সেখানে শিশুর দুধ ও অন্যান্য প্রয়োজনীয় খাবার জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্বামীর বিরুদ্ধে বিয়ে ও সন্তান অস্বীকারের অভিযোগ তুলে সন্তানের পিতৃপরিচয়, ভরণপোষণ ও ন্যায়বিচারের পাশাপাশি মানবিক সহায়তা চেয়েছেন তিনি।
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামের একটি জরাজীর্ণ ঘরে বৃদ্ধা মা, অসুস্থ ও প্রতিবন্ধী বড় ভাই, ভাবি এবং তিন মাসের শিশুকে নিয়ে বসবাস করছেন হীরা খাতুন। তাঁদের থাকার ঘরটির অবস্থাও অত্যন্ত নাজুক। ঘরের খাটে শুয়ে আকাশ দেখা যায়। বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি পড়ে। শীতের সময়ও নিরাপদে বসবাসের পরিবেশ নেই।
হীরার বাবা মৃত হেকমত আলী পাইক। ৭০ বছর বয়সী বৃদ্ধা মা সালেহা বেগমের বয়স্ক ভাতা এবং অসুস্থ ও প্রতিবন্ধী বড় ভাইয়ের প্রতিবন্ধী ভাতাই পরিবারটির অন্যতম অবলম্বন। অন্যদিকে ভাইদের কেউ ভ্যান চালিয়ে যা আয় করেন, তা দিয়ে নিজেদের সংসার চালাতেই হিমশিম খেতে হয়। বৃদ্ধা মা মানুষের বাড়িতে কাজ করেন। পাশাপাশি প্রতিবেশীদের সহায়তায় কোনো রকমে চলে তাঁদের সংসার। কখনো কখনো খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়ে।
হীরা খাতুনের ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালে একই গ্রামের শেখ আলমগীর কবিরের সঙ্গে তাঁর বিয়ে হয়। বাগেরহাট শহরের মিঠাপুকুরপাড় এলাকায় আলমগীরের এক বন্ধুর বাসায় তাঁদের বিয়ে হয়। পরে তাঁরা খুলনায় বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করেন। সেখানে একটি খাবারের হোটেলে কাজ করে সংসারের খরচ চালাতেন হীরা।
প্রায় তিন বছর একসঙ্গে থাকার পর তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা হলে আলমগীর তাঁকে ফেলে চলে যান বলে অভিযোগ করেন হীরা। যাওয়ার সময় বিয়ের কাগজপত্রও সঙ্গে নিয়ে যান তিনি। এরপর থেকে আর কোনো খোঁজখবর নেননি। সন্তান জন্মের পরও শিশুটির পিতৃত্বের স্বীকৃতি দিচ্ছেন না বলে অভিযোগ হীরার।
হীরা খাতুন বলেন, ‘আমি গুচ্ছগ্রামে থাকতাম। সেখান থেকেই আলমগীরের সঙ্গে পরিচয় ও সম্পর্ক। একপর্যায়ে সে আমাকে বিয়ে করে। পরে আমরা খুলনায় গিয়ে বাসা ভাড়া নিয়ে সংসার করি। আমি খাবারের হোটেলে কাজ করতাম। এভাবে প্রায় তিন বছর একসঙ্গে ছিলাম। সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর সে আমাকে ফেলে চলে যায়। এরপর অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি। সে টাকা পাঠানোর কথা বললেও কোনো টাকা দেয়নি। এখন আমার সঙ্গে কোনো যোগাযোগও রাখে না।’
তিনি আরও বলেন, ‘বিয়ের কাগজপত্র আলমগীর নিজের কাছে নিয়ে গেছে। আমাকে বলেছিল, পরে কাগজপত্র ফেরত দেবে। কিন্তু দেয়নি। এখন পুরো বিয়েই অস্বীকার করছে। আমি চাই, সে আমার সন্তানকে নিজের পরিচয় দিক এবং তার ভরণপোষণের দায়িত্ব নিক। আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চিকিৎসা করিয়েছি, সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছি। এই শিশুর খাবার ও ভবিষ্যতের দায়িত্ব আমি একা কীভাবে পালন করব?’
হীরা জানান, যত দিন খাবারের হোটেলে কাজ করে সংসারের খরচ চালাতে পেরেছেন, তত দিন কোনো রকমে দিন কেটেছে। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার পর স্বামী তাঁকে ফেলে চলে যাওয়ায় আয়-রোজগারের পথ বন্ধ হয়ে যায়। সন্তান জন্মের পর পরিস্থিতি আরও কঠিন হয়েছে। এখন নিজের অসহায়ত্বের পাশাপাশি শিশুটির ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
হীরার দাবি, আলমগীরের আগেও স্ত্রী ও সন্তান রয়েছে। এ ছাড়া তিনি আরও বিয়ে করেছেন বলে স্থানীয়দের কাছে শুনেছেন। তাঁর অভিযোগ, আলমগীরের পরিবারের পক্ষ থেকে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
হীরার মা সালেহা বেগম বলেন, ‘আমার মেয়ে খুব অসহায়। মেয়েকে ফেলে রেখে গেছে, এখন এই ছোট বাচ্চাটাকেও দেখার কেউ নেই। বাচ্চাটাকে আমি চেয়ে-চিন্তে এনে খাওয়াই। আমার স্বামী বেঁচে নেই। বয়স হয়েছে, আগের মতো কাজও করতে পারি না। তিনটি সন্তানকে নিয়ে কোনো রকমে বেঁচে আছি। আমার এক ছেলে অসুস্থ, আরেক ছেলে ভ্যান চালিয়ে যা আয় করে, তা দিয়ে নিজের সংসারই চলে না। গ্রামের মানুষ সাহায্য না করলে আমাদের না খেয়ে থাকতে হতো।’
তিনি আরও বলেন, ‘আমাদের থাকার ঘরটাও ভাঙাচোরা। খাটে শুয়ে আকাশ দেখা যায়। এই অবস্থায় মেয়ের ছোট বাচ্চাটাকে নিয়ে খুব কষ্টে আছি। আমি চাই, আলমগীর এই বাচ্চার খাওয়াপড়া ও ভরণপোষণের দায়িত্ব নিক। আমি আর কত দিন বাঁচব, জানি না। আমার মৃত্যুর পর এই বাচ্চাটার কী হবে?’
স্থানীয় বাসিন্দা শেখ মাসুম বলেন, আলমগীরের সঙ্গে হীরার বিয়ে হয়েছে—এ বিষয়টি এলাকার সবাই জানেন। তাঁরা খুলনায় একসঙ্গে থাকতেন। হীরা খাবারের হোটেলে কাজ করে মাসে প্রায় সাত হাজার টাকা আয় করতেন। সেই টাকা দিয়েই সংসার চলত। হীরা অন্তঃসত্ত্বা হওয়ার পর আলমগীর সন্তানকে নিজের বলে অস্বীকার করতে শুরু করেন বলে তিনি দাবি করেন।
শেখ মাসুম আরও বলেন, এলাকার লোকজন চাঁদা তুলে হীরাকে মামলা করতে সহায়তা করেছেন। প্রায় ছয় মাস আগে মামলা হলেও এখনো তদন্তের অগ্রগতি সম্পর্কে তাঁরা কিছু জানতে পারেননি। পরিবারটিকে এলাকার সবচেয়ে অসহায় পরিবারগুলোর একটি উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পিতৃত্ব নিশ্চিত করা হোক।
হীরার মেজো ভাই জাহাঙ্গীর পাইক বলেন, তাঁর বোন দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁদের মা মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে সংসার চালান। ভাইয়েরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন। বোনের অস্ত্রোপচারের সময় চিকিৎসার খরচ এবং সন্তানকে হাসপাতাল থেকে বাড়িতে আনতেও এলাকার মানুষসহ সবাই অর্থ সহায়তা করেছেন।
এদিকে হীরা খাতুনের স্বামী শেখ আলমগীর কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হীরা খাতুন ও তাঁর সন্তানকে অস্বীকার করেন।
এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ থানায় আসেনি। মামলার কাগজপত্রও তাঁরা পাননি। অভিযোগ বা মামলার কাগজপত্র পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জরাজীর্ণ ঘরে অভাব-অনটনের মধ্যে দিন কাটানো হীরা খাতুন এখন মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। তাঁর প্রত্যাশা, শিশুকন্যা রাফিয়ার খাবার, চিকিৎসা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে। একই সঙ্গে স্বামীর কাছ থেকে সন্তানের স্বীকৃতি ও ভরণপোষণ এবং নিজের প্রতি হওয়া অন্যায়ের বিচার চান তিনি। ছোট্ট রাফিয়া যেন বাবার পরিচয় ও ন্যায্য অধিকার নিয়ে বেড়ে উঠতে পারে, সেটিই এখন হীরার একমাত্র প্রত্যাশা।