সিরাজগঞ্জে এখনো জনপ্রিয় ঘটকালি পেশা

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ: আধুনিক প্রযুক্তির যুগে অনলাইন মাধ্যমে জীবনসঙ্গী খোঁজার প্রবণতা বাড়লেও গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘটকালি পেশার আবেদন এখনো কমেনি। দুই পরিবারের মধ্যে আত্মীয়তার বন্ধন তৈরি এবং পাত্র-পাত্রীর বিয়ের সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পেশাদার ঘটকেরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখনো এ পেশার সঙ্গে নিয়মিত যুক্ত রয়েছেন অনেকে।
উল্লাপাড়া পৌর শহরের ওভারব্রিজের নিচে মুক্তমঞ্চসংলগ্ন ‘সজীবের চায়ের দোকান’ এখন ঘটকদের আড্ডাখানা হিসেবে পরিচিত। নিয়মিত এখানে মিলিত হন অভিজ্ঞ ও পেশাদার ঘটকেরা। তাঁদের প্রত্যেকের হাতে থাকে চামড়ার ব্যাগ কিংবা ব্রিফকেস। এসব ব্যাগে সংরক্ষিত থাকে অসংখ্য পাত্র-পাত্রীর রঙিন ছবি ও জীবনবৃত্তান্ত।
উপজেলার প্রবীণ ও অভিজ্ঞ ঘটকদের একজন মণ্ডলজানি গ্রামের মো. শহিদুল ইসলাম। প্রায় ৩৪ বছর ধরে তিনি এ পেশার সঙ্গে যুক্ত। তাঁর দাবি, এ পর্যন্ত তিনি ২৫৮টি বিয়ে সম্পন্ন করিয়েছেন। এ ছাড়া সলঙ্গার মাহমুদপুর গ্রামের মো. আমজাদ হোসেন প্রায় ৩০ বছরে ২৮০টি, রামকান্তপুর গ্রামের এম. শহিদুল ইসলাম ১০ বছরে ৮০টি, বেতবাড়ি গ্রামের মো. রেজাউল করিম সাত বছরে ১১৫টি এবং মাগুড়াডাঙ্গা গ্রামের মো. শাহাদত হোসেন ছয় বছরে ৫১টি বিয়ে সম্পন্ন করিয়েছেন।
ঘটকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের ব্যাগে বিভিন্ন এলাকার দরিদ্র, মধ্যবিত্ত ও ধনী পরিবারের অসংখ্য তরুণ-তরুণীর তথ্য রয়েছে। পেশাদারির পাশাপাশি সেবামূলক মনোভাব নিয়েও তাঁরা এ কাজ করে থাকেন। সাধারণত বিয়ের আগে বা পরে ঘটকালির জন্য নির্দিষ্ট কোনো অঙ্কের অর্থ দাবি করেন না তাঁরা। ছেলে বা মেয়ের পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে যা দেওয়া হয়, তা-ই গ্রহণ করেন।
নিজের সবচেয়ে বড় প্রাপ্তির কথা জানাতে গিয়ে ঘটক মো. শহিদুল ইসলাম বলেন, তাঁদের মাধ্যমে বিয়ে হওয়া দম্পতি কিংবা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও দেখা হলে তাঁরা সম্মান ও ভালোবাসা নিয়ে এগিয়ে আসেন। এই সম্মান ও আন্তরিকতাই তাঁদের কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা।
ঘটকেরা জানান, অভিভাবক ও কনেপক্ষের কাছে এখনো সরকারি চাকরিজীবী পাত্রের চাহিদা সবচেয়ে বেশি। তাঁরা নির্ধারিত ফি নিয়ে বিবাহযোগ্য পাত্র-পাত্রীর ছবি ও জীবনবৃত্তান্ত সংগ্রহ করে নিবন্ধন করেন। এরপর দুই পরিবারের মধ্যে যোগাযোগ স্থাপন এবং বিয়ের সম্পর্ক চূড়ান্ত করতে সহযোগিতা করেন। এ ক্ষেত্রে দুই পরিবারের সামাজিক ও অর্থনৈতিক সামঞ্জস্য বিবেচনায় নিয়ে পাত্র-পাত্রীর মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন তাঁরা।
প্রযুক্তির প্রসার ঘটলেও মানুষের পারস্পরিক যোগাযোগ ও আস্থার ওপর নির্ভরশীল ঘটকালি পেশা উল্লাপাড়ায় এখনো টিকে রয়েছে।