নবচেতনা অর্থনীতি ডেস্ক : জেনারেল ফার্মাসিউটিক্যালসের সাবেক ও বর্তমান কর্মীদের ১২ মাসের বকেয়া বেতন, দৈনিক ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটিসহ সব পাওনা পরিশোধের দাবি জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান প্রতিষ্ঠানটির বৈষম্যের শিকার সাবেক ও বর্তমান কর্মীরা।
মানববন্ধনে কর্মীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাফিদুল হক বারবার পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। এমনকি পাওনা পরিশোধের জন্য দেওয়া কয়েকজন কর্মীর চেক ব্যাংকে জমা দিয়েও টাকা পাওয়া যায়নি।
তারা জানান, ২০২৫ সালের ২০ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যস্থতায় রাফিদুল হক ওই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সব পাওনা পরিশোধের লিখিত অঙ্গীকার করেছিলেন। তবে নির্ধারিত সময় পার হলেও তা বাস্তবায়ন হয়নি।
কর্মীদের দাবি, প্রতিষ্ঠানটিতে প্রায় পাঁচ হাজার কর্মী চাকরি ছেড়েছেন অথবা বরখাস্ত হয়েছেন। তাদের অনেকেই এখনো প্রাপ্য পাওনা পাননি। এমনকি মৃত্যুবরণ করা কর্মীদের পরিবারও পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া রাফিদুল হকের বিরুদ্ধে শ্রম আদালতে প্রায় ৭৫০টি মামলা রয়েছে বলে দাবি করেন তারা।
মানববন্ধন থেকে ছয় দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে ১২ মাসের বকেয়া বেতন ও দৈনিক ভাতা পরিশোধ, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির অর্থ বুঝিয়ে দেয়া, মৃত কর্মীদের পরিবারের পাওনা পরিশোধ এবং নগদায়ন না হওয়া চেকের বিষয়ে ব্যাখ্যা দেয়া।
কর্মীরা বলেন, তারা কোনো অনুগ্রহ নয়, নিজেদের ন্যায্য পাওনা চান। অবিলম্বে এসব পাওনা পরিশোধ করা না হলে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবেন তারা।
মানববন্ধনে জেনারেল ফার্মাসিউটিক্যালসের ভুক্তভোগী সাবেক ও বর্তমান কর্মীদের প্রধান সমন্বয়ক মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে প্রতিষ্ঠানটির অর্ধশতাধিক কর্মী অংশ নেন।
নবচেতনা/এআর




