নতুন জিনিস নয়, যে কেনাকাটায় দীর্ঘস্থায়ী সুখ মেলে : গবেষণা


নবচেতনা জীবনযাপন ডেস্ক : ব্ল্যাক ফ্রাইডে এলেই নানা পণ্যে ছাড়ের আকর্ষণে কেনাকাটায় মেতে ওঠেন অনেকে। নতুন পোশাক, গ্যাজেট, টেলিভিশন কিংবা ঘরের আসবাব কেনার পরিকল্পনাও করেন কেউ কেউ।

তবে গবেষণা বলছে, বস্তুগত জিনিস কেনার চেয়ে ভ্রমণ, কনসার্ট কিংবা বিশেষ কোনো অভিজ্ঞতার পেছনে অর্থ খরচ করলে মানুষ বেশি সুখী হন। শুধু তা-ই নয়, এই আনন্দ দীর্ঘস্থায়ীও হয়।

মনোবিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সাইকোলজি টুডে’-তে প্রকাশিত এক নিবন্ধে এ বিষয়ে বিভিন্ন গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। নিবন্ধটির লেখক ইতিবাচক মনোবিজ্ঞান নিয়ে কাজ করেন।

তার মতে, কেনাকাটার আগে ভাবা প্রয়োজন, কোন জিনিসটি সত্যিকার অর্থে জীবনে আনন্দ, অর্থবহ অভিজ্ঞতা ও সম্পর্কের গভীরতা বাড়াতে পারে।
২০০৩ সালে গবেষক ভ্যান বোভেন ও গিলোভিচ ১২ হাজার মানুষের ওপর একটি জরিপ পরিচালনা করেন। অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কোন কেনাকাটা তাঁদের সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে। জরিপে অধিকাংশ মানুষ বস্তুগত পণ্যের পরিবর্তে কোনো অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।

গবেষকদের মতে, অভিজ্ঞতা মানুষের ব্যক্তিত্ব, মূল্যবোধ ও জীবনের উদ্দেশ্যের সঙ্গে বেশি সম্পর্কিত। পাশাপাশি এ ধরনের অভিজ্ঞতা অন্য মানুষের সঙ্গে সম্পর্কও গভীর করে।

আনন্দ শুরু হয় অভিজ্ঞতার অপেক্ষা থেকেই

শুধু অভিজ্ঞতা অর্জনের সময়ই নয়, সেটির জন্য অপেক্ষা করার সময়ও মানুষ আনন্দ অনুভব করেন। ২০১৪ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, কনসার্টের টিকিট কেনা কিংবা স্কি করার পরিকল্পনার মতো অভিজ্ঞতার জন্য অপেক্ষা করা মানুষ নতুন কোনো বস্তু কেনার অপেক্ষায় থাকা মানুষের তুলনায় বেশি আনন্দিত থাকেন।

অর্থাৎ, ভ্রমণ কিংবা পছন্দের কোনো অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা করার সময় থেকেই আনন্দ শুরু হতে পারে।

একই গবেষণায় কেনাকাটার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের আচরণও পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, কোনো অভিজ্ঞতা অর্জনের জন্য অপেক্ষা করা ব্যক্তিরা তুলনামূলক ভালো মেজাজে ছিলেন এবং তাঁদের আচরণও ছিল ইতিবাচক।

অন্যদিকে, পণ্য কেনার জন্য অপেক্ষা করা মানুষের মধ্যে এমন ইতিবাচক প্রবণতা কম দেখা গেছে। ব্ল্যাক ফ্রাইডেতে দোকানের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি কিংবা পণ্য কেনার জন্য হুড়োহুড়ির দৃশ্যের সঙ্গে বিষয়টি মিলিয়ে দেখা যেতে পারে।

অভিজ্ঞতা নিয়ে কথা বললেও বাড়ে সম্পর্কের গভীরতা

২০১০ সালের আরেক গবেষণায় অপরিচিত ব্যক্তিদের জুটি করে ১৫ মিনিট কথা বলতে বলা হয়। তাঁদের এক দলকে কোনো কেনা পণ্য নিয়ে এবং অন্য দলকে কেনা কোনো অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে বলা হয়েছিল।

গবেষণায় দেখা যায়, যারা কোনো অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন, তাঁরা একে অপরকে বেশি পছন্দ করেছেন এবং বন্ধুত্ব গড়ে তোলার আগ্রহও বেশি দেখিয়েছেন। অন্যদিকে, বস্তুগত পণ্য নিয়ে আলোচনা করা ব্যক্তিদের মধ্যে এমন আগ্রহ তুলনামূলক কম ছিল।

এ ছাড়া ২০১৭ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, বস্তুগত উপহারের তুলনায় অভিজ্ঞতাভিত্তিক উপহার মানুষের পারস্পরিক সম্পর্ককে বেশি দৃঢ় করে। যেমন কাউকে ভ্রমণের সুযোগ, কনসার্টের টিকিট কিংবা বিশেষ কোনো আয়োজনের উপহার দিলে তা দীর্ঘদিন মনে রাখার মতো স্মৃতি তৈরি করতে পারে।

এর কারণ হিসেবে গবেষকেরা অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে থাকা আবেগের কথা উল্লেখ করেছেন। কোনো বিশেষ ভ্রমণের স্মৃতি মানুষকে দীর্ঘদিন আনন্দ দিতে পারে। কিন্তু নতুন কেনা একটি সোফা বা অন্য কোনো পণ্যের ক্ষেত্রে সেই আবেগ সব সময় তৈরি হয় না।

তাহলে ব্ল্যাক ফ্রাইডেতে কী কিনবেন?

গবেষণাগুলোর মূল বার্তা হলো, কেনাকাটার ক্ষেত্রে শুধু নতুন কোনো পণ্য পাওয়ার আনন্দকে গুরুত্ব না দিয়ে সেটি জীবনে কতটা অর্থবহ অভিজ্ঞতা তৈরি করবে, তা বিবেচনা করা উচিত।

তাই ব্ল্যাক ফ্রাইডেতে নতুন গ্যাজেট, পোশাক কিংবা আসবাব কেনার পাশাপাশি ভ্রমণ, পছন্দের অনুষ্ঠান দেখা বা পরিবারের সঙ্গে বিশেষ সময় কাটানোর পরিকল্পনাও করতে পারেন। কারণ, কোনো কোনো ক্ষেত্রে সবচেয়ে মূল্যবান কেনাকাটা সেটিই, যা হাতে ধরে রাখা যায় না, কিন্তু দীর্ঘদিন মনে থেকে যায়।
নবচেতনা/এআর