নবচেতনা প্রতিবেদক : যশোরের বেনাপোল থেকে ঢাকায় চলাচলকারী ‘রুপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনটির চলাচল সাময়িক স্থগিত করেছে রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে খুলনা-ঢাকা রুটে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে বিকল্প পথে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার মোছা. পারভীনা খাতুন এ তথ্য জানান।
তিনি জানান, এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ রাখা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার তৎসংলগ্ন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে কোনো সুনির্দিষ্ট মতামত/তথ্য না পাওয়ায় এবং রেলওয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে রেলভবন, ঢাকা থেকে প্রাপ্ত অনুমোদন মোতাবেক বৃহস্পতিবার খুলনা-ঢাকা-খুলনার মধ্যে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল-ঢাকার মধ্যে চলাচলকারী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনসমূহের চলাচল বাতিল করা হলো।
যশোর রেল স্টেশন মাষ্টার সাইদুর রহমান বলেন, সাময়িকভাবে বেনাপোল থেকে ঢাকার মধ্যে চলাচলকারী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেন ও খুলনা থেকে ঢাকার মধ্যে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন দুটি চলাচল সাময়িক বন্ধ করা হয়েছে। তবে বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি চলবে বলে নিশ্চিত করেছেন তিনি।
খুলনা-পোড়াদাহ-রাজবাড়ী-ঢাকা রুটে ২০০০৩/ ২০০০৪ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে। ঢাকা থেকে বিকেল ৪ টা১০ মিনিটে ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ১১ টা ৩৫ মিনিটে। আর খুলনা থেকে সকাল ৮ টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে। শুধুমাত্র জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন দুটি আপ-ডাউনে যাত্রাবিরতি করবে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাদপুর, দর্শনা। হল্ট করবে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদাহ, কুষ্টিয়া কোট, কামারখালি, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গায়।
বেনাপোল রেলওয়ের অপর স্টেশন মাষ্টার আয়নাল হক বলেন, গত ১৯ নভেম্বর থেকে বেনাপোল ঢাকা বেনাপোল রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনের যাত্রা বাতিল করার ফলে যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেয়ার কার্যক্রম চালু রয়েছে।
নবচেতনা/এআর




