জামালপুর প্রতিনিধি : সম্প্রতি জামালপুরের মেলান্দহ উপজেলার ১১ নম্বর শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসাইন বাদল দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, ত্যাগ-সংগ্রাম ও চড়াই-উতরাই পেরিয়ে স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন । ছাত্রজীবন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে তিনি এলাকায় পরিচিতি অর্জন করেন। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তাঁর রাজনৈতিক পথচলা নতুন করে আলোচনায় এসেছে।
জানা যায়, বিগত ২০০৩ সালে আবুল হোসাইন বাদল শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পাশাপাশি মেলান্দহ উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এই জনপ্রতিনিধি ও রাজনৈতিক সংগঠক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে স্থানীয় মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক গড়ে ওঠে।
রাজনৈতিক জীবনে ২০০৯ সালে তিনি বড় ধরনের প্রতিকূলতার মুখোমুখি হন। অভিযোগ রয়েছে, মেলান্দহ পৌরসভার নয়ানগর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে বর্তমানে এভারকেয়ার হাসপাতাল হিসেবে পরিচিত ওই হাসপাতালে প্রায় তিন মাস ভর্তি থেকে চিকিৎসা নেন বলে জানা গেছে।
এ ছাড়া বিএনপির রাজনীতির সঙ্গে অতীতে সম্পৃক্ত থাকার কারণে ২০১০-১১ সালের দিকে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ থেকে উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্তে তাঁকে অব্যাহতি দেওয়া হয় বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। রাজনৈতিক অবস্থানের কারণে পেশাগত জীবনেও তাঁকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।
২০১৬ সালে তিনি ১১ নম্বর শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ও ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনী প্রচারণার সময় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হওয়া এবং বিভিন্ন মামলার মুখোমুখি হওয়ার অভিযোগও রয়েছে। এসব প্রতিকূলতা তাঁর রাজনৈতিক পথচলাকে আরও কঠিন করে তুললেও দলীয় রাজনীতির সঙ্গে তাঁর সম্পৃক্ততা অব্যাহত থাকে।
দীর্ঘ বিরতির পর ২০২৬ সালে আবারও বিএনপির পক্ষে রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করতে দেখা যায় সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসাইন বাদল কে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী প্রচারণায় তিনি অংশ গ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মিছিল, মিটিং, গণসংযোগ ও উঠান বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। বিশেষ করে শ্যামপুর ইউনিয়নে তাঁর সক্রিয় প্রচারণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার- সমালোচনার সৃষ্টি হয়।
নির্বাচনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বিজয়ী হওয়ার পর সাবেক চেয়ারম্যান আবুল হোসাইন বাদল তাঁর নিজ বাসভবনে গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় হয়। রাজনৈতিক জীবনের দীর্ঘ অভিজ্ঞতা ও দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ততার ধারাবাহিকতায় এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় রাজনৈতিক সূত্রের দাবি, জাতীয় সংসদ নির্বাচনের সময় বাদলের প্রচারণা ও তৎপরতা বিএনপির নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখতে সহায়তা করেন। বিশেষ করে শ্যামপুর ইউনিয়নে তাঁর দীর্ঘদিনের পরিচিতি, সাংগঠনিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ নির্বাচনী প্রচারণায় সহায়ক হয়েছিল।
বর্তমানে আবুল হোসাইন বাদল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন বলে জানা গেছে। তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ের কর্মকাণ্ড, প্রতিকূলতার অভিজ্ঞতা, নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ এবং বিজয়-পরবর্তী সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তাঁর রাজনৈতিক পথচলার ধারাবাহিকতাকে তুলে ধরে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় রাজনীতিতে একজন নেতার পরিচয় শুধু তাঁর পদ-পদবি দিয়ে নির্ধারিত হয় না; বরং দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা, মানুষের সঙ্গে সম্পর্ক এবং প্রতিকূল সময়ে তাঁর ভূমিকার মধ্য দিয়েই রাজনৈতিক অবস্থান সুস্পষ্ট হয়। সেই বিবেচনায় শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসাইন বাদলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাম্প্রতিক কর্মকাণ্ড স্থানীয় রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে।


