নবচেতনা জীবনযাপন ডেস্ক : গরম ধোঁয়া ওঠা স্যুপে ডুবানো নুডলস, ঝাল সসের সঙ্গে মাখানো কিংবা মাংস ও সবজির মিশেলে তৈরি—বিশ্বজুড়েই জনপ্রিয় খাবার নুডলস। দেশভেদে এর স্বাদ, উপকরণ ও পরিবেশনায় রয়েছে নানা বৈচিত্র্য।
কোনোটি ঝোলযুক্ত, কোনোটি আবার শুকনো বা মসলাদার। তবে সব ধরনের নুডলসের মধ্যেই রয়েছে নিজস্ব স্বাদ ও ঐতিহ্য।
সম্প্রতি বিশ্বের ৫০টি সেরা নুডলসের তালিকা প্রকাশ করেছে খাবারবিষয়ক ওয়েবসাইট টেস্টঅ্যাটলাস। ২০২৬ সালের নভেম্বরের এই তালিকার সেরা ১০-এ জায়গা পেয়েছে জাপান, থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম ও অস্ট্রিয়ার বিভিন্ন পদ।
চলুন জেনে নেওয়া যাক তালিকার সেরা ১০ নুডলস সম্পর্কে।
১. ইয়োকোহামা স্টাইল রামেন, জাপান
তালিকার শীর্ষে রয়েছে জাপানের ইয়োকোহামা স্টাইল রামেন, যা ‘ইয়েকেই রামেন’ নামেও পরিচিত। ১৯৭৪ সালে জাপানের ইয়োকোহামা অঞ্চলে এই নুডলসের প্রচলন শুরু হয়। ঘন নুডলসের সঙ্গে শূকরের মাংসের হাড় দিয়ে তৈরি টোনকোৎসু স্টক ও সয়া সসের মিশ্রণে তৈরি হয় এর বিশেষ ঝোল।
সাধারণত এর ওপর দেওয়া হয় শূকরের মাংসের পাতলা টুকরা, সামুদ্রিক শৈবাল, পেঁয়াজপাতা ও পালংশাক। স্বাদ বাড়াতে কেউ কেউ রসুন, তিল ও গোলমরিচও যোগ করেন।
২. খাও সোই, থাইল্যান্ড
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের জনপ্রিয় খাবার খাও সোই। নারকেলের দুধ ও লাল কারি পেস্ট দিয়ে তৈরি সুগন্ধি, হালকা ঝাল ঝোলের মধ্যে পরিবেশন করা হয় ডিমের নুডলস। এর সঙ্গে থাকে মুরগি, গরু কিংবা শূকরের মাংস।
এই খাবারের বিশেষত্ব হলো নরম নুডলসের ওপর ছড়িয়ে দেওয়া মচমচে ভাজা নুডলস। পাশাপাশি লেবু, আচার করা বাঁধাকপি, পেঁয়াজ ও মরিচ যোগ করে স্বাদে আনা হয় টক-ঝাল বৈচিত্র্য।
৩. রামেন, জাপান
জাপানের জনপ্রিয় খাবার রামেন রয়েছে তালিকার তৃতীয় স্থানে। গমের তৈরি নুডলসের সঙ্গে বিভিন্ন স্বাদের ঝোল ও উপকরণ মিশিয়ে তৈরি করা হয় এই পদ। অঞ্চল ও রেস্তোরাঁভেদে এর প্রস্তুতপ্রণালিতে রয়েছে ভিন্নতা।
রামেনের ঝোল কখনো হালকা ও স্বচ্ছ, আবার কখনো ঘন ও ক্রিমের মতো। এর সঙ্গে সাধারণত শূকরের মাংস, পেঁয়াজপাতা, সামুদ্রিক শৈবাল, বাঁশের কুঁড়ি ও সেদ্ধ ডিম পরিবেশন করা হয়। শোইয়ু, শিও, মিসো ও টোনকোৎসু—রামেনের রয়েছে নানা ধরন।
৪. টোনকোৎসু রামেন, জাপান
তালিকার চতুর্থ স্থানে রয়েছে জাপানের টোনকোৎসু রামেন। দেশটির ফুকুওকা অঞ্চলে এই খাবারের উৎপত্তি। শূকরের হাড় দীর্ঘ সময় ধরে ফুটিয়ে তৈরি করা হয় এর ঘন ও ক্রিমের মতো ঝোল। রান্নার দীর্ঘ প্রক্রিয়ায় হাড় থেকে কোলাজেন ও চর্বি বেরিয়ে এসে ঝোলকে দেয় বিশেষ ঘনত্ব।
এর সঙ্গে পরিবেশন করা হয় নুডলস, শূকরের পেটের মাংসের টুকরা ও নরম কুসুমের ডিম। পেঁয়াজপাতা, বাঁশের কুঁড়ি ও সামুদ্রিক শৈবালও থাকে এতে। কোনো কোনো সংস্করণে পোড়া রসুন বা তিলের সুগন্ধি তেল যোগ করা হয়।
৫. লানঝৌ লামিয়ান, চীন
চীনের ঐতিহ্যবাহী নুডলস লানঝৌ লামিয়ান রয়েছে পঞ্চম স্থানে। ‘লামিয়ান’ শব্দের অর্থ টেনে তৈরি করা নুডলস। হাতে ময়দার খামির বারবার টেনে ও ভাঁজ করে লম্বা ও সরু নুডলস তৈরি করা হয়। ফলে নুডলসে পাওয়া যায় বিশেষ ধরনের চিবোনো যায় এমন গঠন।
এটি পরিবেশন করা হয় গরুর মাংসের স্বচ্ছ ঝোলের সঙ্গে। এর ওপর দেওয়া হয় গরুর মাংসের পাতলা টুকরা, সাদা মূলা, ধনেপাতা ও মরিচের তেল। চীনের গানসু প্রদেশের রাজধানী লানঝৌ শহরের সঙ্গে এই খাবারের বিশেষ সম্পর্ক রয়েছে।
৬. ফো বো, ভিয়েতনাম
ভিয়েতনামের জনপ্রিয় গরুর মাংসের নুডলস স্যুপ ফো বো রয়েছে ষষ্ঠ স্থানে। চালের তৈরি চ্যাপ্টা নুডলসের সঙ্গে গরুর মাংসের হাড় ও বিভিন্ন অংশ দিয়ে তৈরি গরম ঝোল থাকে এতে। দারুচিনি, স্টার অ্যানিস, লবঙ্গ, এলাচ ও ধনিয়ার মতো মসলা ঝোলে যোগ করে বিশেষ সুগন্ধ।
এর ওপর দেওয়া হয় পাতলা করে কাটা গরুর মাংস, পেঁয়াজ, ধনেপাতা ও পেঁয়াজপাতা। সঙ্গে পরিবেশন করা হয় কাঁচা শিমের বিচি, লেবু ও কাঁচামরিচ। ভিয়েতনামে অনেকের কাছে এটি সকালের জনপ্রিয় খাবার হলেও দিনের যেকোনো সময় খাওয়া হয়।
৭. বুন বো নাম বো, ভিয়েতনাম
ঝোলযুক্ত নুডলসের বাইরে ভিন্ন স্বাদের খাবার বুন বো নাম বো। এটি মূলত গরুর মাংস দিয়ে তৈরি ভিয়েতনামি নুডলস সালাদ। চালের সরু নুডলসের সঙ্গে ভাজা গরুর মাংস, তাজা শাকপাতা ও মচমচে সবজি মিশিয়ে তৈরি করা হয় পদটি।
এতে থাকে রসুন, ধনেপাতা, পুদিনাপাতা, গাজর, শসা, লেটুস ও শিমের বিচি। ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয় ভাজা চিনাবাদাম ও পেঁয়াজ। সবশেষে বিশেষ সস মিশিয়ে পরিবেশন করা হয়।
৮. ইউপো মিয়ান, চীন
ঝাল খাবার পছন্দ করেন যাঁরা, তাঁদের জন্য চীনের ইউপো মিয়ান হতে পারে আকর্ষণীয় পদ। চীনের শানসি প্রদেশের এই খাবার ‘চিলি অয়েল স্পিল নুডলস’ নামেও পরিচিত। চওড়া ও চিবোনো যায় এমন নুডলসের ওপর দেওয়া হয় রসুন, মরিচের গুঁড়া ও কুচি করা পেঁয়াজপাতা।
এরপর নুডলসের ওপর গরম তেল ঢেলে দেওয়া হয়। এতে মসলা ও উপকরণগুলোর সুগন্ধ বেরিয়ে আসে এবং নুডলসে মিশে যায় ঝাল স্বাদ। প্রস্তুতপ্রণালি অনুযায়ী এতে ভিনেগার, সয়া সস, সবজি কিংবা মাংসও যোগ করা হতে পারে।
৯. ক্যাসপাতজলন, অস্ট্রিয়া
এশিয়ার নুডলসের তালিকায় ইউরোপের ব্যতিক্রমী পদ ক্যাসপাতজলন জায়গা করে নিয়েছে নবম স্থানে। অস্ট্রিয়ার টাইরল অঞ্চলে জনপ্রিয় এই খাবার জার্মানি, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইনেও প্রচলিত।
নরম খামির থেকে তৈরি ছোট ছোট নুডলস সেদ্ধ করে পেঁয়াজ ও বিভিন্ন ধরনের চিজের সঙ্গে মেশানো হয়। সাধারণত বার্গকাসে বা গ্রাউকাসে চিজ ব্যবহার করা হয়। চিজ গলে যাওয়ার পর এর ওপর পার্সলে ও মচমচে ভাজা পেঁয়াজ ছড়িয়ে পরিবেশন করা হয়।
১০. মিসো রামেন, জাপান
তালিকার দশম স্থানে রয়েছে জাপানের মিসো রামেন। ১৯৫৫ সালে দেশটির সাপ্পোরো শহরে এই খাবারের প্রচলন শুরু হয়। প্রচলিত আছে, আজিনো সানপেই নামের একটি রেস্তোরাঁয় এক ক্রেতা শূকরের মাংস ও মিসো দিয়ে তৈরি স্যুপে নুডলস যোগ করার অনুরোধ করেছিলেন। সেখান থেকেই এই রামেনের জনপ্রিয়তা শুরু।
মিসো পেস্ট, স্টক ও সবজি দিয়ে তৈরি হয় এর ঝোল। সাধারণত এর সঙ্গে থাকে শিমের বিচি, কুচি করা শূকরের মাংস, রসুন ও মিষ্টি ভুট্টা। কোনো কোনো সংস্করণে কাঁকড়া, স্ক্যালপ ও স্কুইডের মতো সামুদ্রিক খাবারও যোগ করা হয়।
নবচেতনা/এআর




