বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে বোয়ালমারী উপজেলা অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি, বোয়ালমারী শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এলিম বিশ্বাস, অনারারি ক্যাপ্টেন (অব.) সৈয়দ কামরুজ্জামান, কাজী এনামুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মোল্লা মনিরুজ্জামান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. ওসমান আলী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. আব্দুল কুদ্দুস এবং ওয়ারেন্ট অফিসার (অব.) মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনারারি ক্যাপ্টেন (অব.) শরীফ গোলজার রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. সরোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সার্জেন্ট (অব.) মো. চুন্নু বিশ্বাস ও সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈনিক (অব.) মো. রবিউল খান, কর্পোরাল (অব.) এম কামরুজ্জামানসহ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস, মহান মুক্তিযুদ্ধে বাহিনীর অবদান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের ভূমিকা এবং দেশ ও জাতির কল্যাণে সদস্যদের আত্মত্যাগের কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাহিনীর সদস্যদের দেশপ্রেম, শৃঙ্খলা, পেশাদারত্ব ও আত্মত্যাগ জাতির জন্য অনুকরণীয়।
এ সময় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার পাশাপাশি কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর সব সদস্যের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি পাঁচজনকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত




