‘যাপিত জীবন’ মুক্তি শুক্রবার, দেখা যাবে ২০ প্রেক্ষাগৃহে

নবচেতনা বিনোদন ডেস্ক : প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলোচিত উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন হাবিবুল ইসলাম হাবিব। দেশভাগ ও ভাষা আন্দোলনসহ ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে এসেছে সিনেমাটিতে।

সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম-এর এই সিনেমাটি ২০ নভেম্বর সারাদেশের প্রায় ২০টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

মুক্তি উপলক্ষে ১৮ নভেম্বর বিকালে ঢাকা বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি.-এর চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা আফজাল হোসেন, আশনা হাবিব ভাবনা, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ প্রমুখ।

প্রিমিয়ারে উপস্থিত থেকে ফরিদুর রেজা সাগর বলেন, এমন ইতিহাস ও প্রেক্ষাপটের চলচ্চিত্র নির্মাণের সাথে থাকতে পেরে ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই গর্বিত।

কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, সেলিনা আপা উপন্যাসটি লিখে কয়েকবার কারেকশন করেছিলেন। তিনি লেখিকা হিসেবে সবার কাছে সমাদৃত, প্রযোজক হিসেবে ইমপ্রেস টেলিফিল্ম সব বিখ্যাত কাজের সাথে জড়িত। সবকিছু মিলিয়ে আমি এই সিনেমাটি নিয়ে অনেক আশাবাদী। আমার বিশ্বাস সবার কাছে ভালো লাগবে।

প্রিমিয়ার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রযোজক হাবীবুর রহমান, নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, রওনক হাসান, ফারজানা ব্রাউনিয়া, লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী, শহীদুল আলম সাচ্চুসহ অনেকে।

হাবিবুর রহমান পরিচালনায় চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, কাজী হায়াৎসহ অনেকে।

যেসব হলে মুক্তি পাচ্ছে যাপিত জীবন
পূর্ণিমা সিনেমা (শান্তাহার), মম ইন (বগুড়া), ছায়াবাণী (ময়মনসিংহ), অভিসপ্তি (বরিশাল), সৈনিক ক্লাব (ঢাকা), বিজিবি (ঢাকা), সুগন্ধা (চট্টগ্রাম), মধুবন (বগুড়া), গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), শ্যামলী (ঢাকা), স্বপ্নিল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), বনলতা (ফরিদপুর), গ্র্যান্ড সিলেট (সিলেট), লায়ন সিনেমাস (ঢাকা), কে স্ক্রিন (কুমিল্লা), এছাড়াও স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখা ও যমুনা ব্লকবাস্টার।
নবচেতনা/এআর