ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি: ব্যতিক্রমী এক কলা গাছের দেখা মিলেছে নোয়াখালীতে । গাছের আকার খুব বড় নয়, অথচ এর একটি মোচা থেকে বের হওয়া কলার কাঁদি এখন মাটি ছুঁই ছুঁই। কাঁদিজুড়ে ধরেছে হাজারো কলা। থাইল্যান্ডের ‘থাউজেন্ড ফিঙ্গার বেনানা’ জাতের এই কলা গাছ দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তৈয়বপুর গ্রামের ল্যান্ডস্কেপ এগ্রো ফার্মে দেখা মিলেছে ব্যতিক্রমী এই কলা গাছের। দেখে মনে হতে পারে, এ যেন কলার গাছ নয়- একটি বিশাল কলার ঝাড় । একটি মাত্র মোচা। আর সেই মোচাজুড়ে সারি সারি কলা। কাঁদিটি এতটাই বড় হয়েছে যে, এখন প্রায় মাটি ছুঁই ছুঁই।
খামারি মোহাম্মদ হাবিব বলেন , বর্তমানে গাছটিতে হাজারের বেশি কলা রয়েছে।পরিচর্যা ঠিক থাকলে এই একটি কাঁদিতে প্রায় তিন হাজার কলা ধরতে পারে বলে আশা করছেন তিনি।
হাবিব কলেন- এই বাগানের গল্পটি বেশ চমকপ্রদ। করোনাকালে কাজকর্মে স্থবিরতা নেমে এলে অবসর সময় কাজে লাগাতে ২০২০ সালে নিজ বাড়ির ছাদে শখের বাগান শুরু করেন তিনি। অনার্স শেষ করা এই তরুণের সেই শখই ধীরে ধীরে রূপ নেয় কৃষি উদ্যোগে। পরে ছাদ থেকে বাগান চলে আসে বাড়ির আঙিনায়। সেখানে লাগাতে থাকেন দেশি-বিদেশি নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে থাইল্যান্ড থেকে সংগ্রহ করেন বিভিন্ন জাতের কিছু চারা। সেখানেই ছিল ব্যতিক্রমী এই ‘থাউজেন্ড ফিঙ্গার বেনানা’র চারা। কয়েক মাস আগে গাছটিতে মোচা আসার পর থেকেই বাড়তে থাকে কলার সংখ্যা। সময়ের সঙ্গে মোচাটি পরিণত হয় বিশাল এক কাঁদিতে। একই গাছে এতো কলা বিষয়টি -কারও চোখে বিস্ময়, কেউ আবার মোবাইল ফোনে ধরে রাখছেন ব্যতিক্রমী এই দৃশ্য।এ কলা গাছের আরেকটি বিস্ময়- কলার মোচার উপরতেকে পাকতে শুরু করে আবার নীচে থেকেও আরো কলা বের হয়। যা অবিশ্বাস্য।
তবে শুধু দর্শনার্থীদের কৌতূহল নয়, হাবিবের এই উদ্যোগ দেখাচ্ছে-শখের বাগানও হতে পারে নতুন কিছু করার সুযোগ। দেশি প্রজাতির পাশাপাশি বিদেশি ফল ও গাছ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কৃষিতে বৈচিত্র্য আনারও চেষ্টা করছেন তিনি। শখ থেকে শুরু করা বাগান এখন হাবিবের স্বপ্নের কৃষি উদ্যোগ। আর তার বাগানের এই হাজার কলার কাঁদি হয়ে উঠেছে এলাকার মানুষের কাছে এক নতুন বিস্ময়।
হাবিব আরো জানান, প্রথমে শখ থেকেই বাগান করেছি। পরে থাইল্যান্ডের এই জাতের কলার চারা সংগ্রহ করি। গাছটিতে যখন মোচা আসে, তখন এত কলা হবে ভাবিনি। এখন মানুষ দূর-দূরান্ত থেকে দেখতে আস। এদিকে অস্বাভাবিক সংখ্যক কলা ধরার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এর ছবি। এরপর থেকেই প্রতিদিনই হাবিবের বাগানে ছুটে আসছেন উৎসুক মানুষ।
কৃষি উদ্যোক্তারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতায় এই জাতের কলার আবাদ বাড়ানো গেলে কৃষক লাভবান হওয়ায় পাশাপাশি অর্থনীতিতে ভুমিকা রাখতে পারবে।
নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ কুমার কর জানান, ‘থাউজেন্ড ফিঙ্গার বেনানা’ জাতের এই কলা গাছের আবাদের কথা আমি শুনেছি। এটি দেশে নতুন একটি জাত। ওই কৃষক আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা তাকে সহযোগিতা করবো।
