ফরিদপুর ব্যুরো :সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন সাংবাদিকতার এক অনন্য দৃষ্টান্ত ছিলেন সাংবাদিক গৌতম দাস। অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর সাহসী ভূমিকা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ধারণ করে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছেন ফরিদপুরের সাংবাদিক নেতারা। সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এতে বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান, প্রেসক্লাবের সদস্য সাজ্জাদ হোসেন রনি, শফিকুল ইসলাম মনি, মাসুদুর রহমান তরুণ এবং সমকাল সুহৃদ সমাজের সভাপতি আবরার নাদিম ইতু প্রমুখ।
বক্তারা বলেন, গৌতম দাস ছিলেন সৎ, নির্ভীক ও আপসহীন সাংবাদিক। পেশাগত দায়িত্ব পালনে তিনি কখনো অন্যায় ও অনিয়মের সঙ্গে আপস করেননি। ২০০৫ সালে পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি। তাঁর হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য এক গভীর বেদনাদায়ক ঘটনা।
তাঁরা আরও বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সত্য প্রকাশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব। গৌতম দাস সেই দায়িত্ব পালনে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মের সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করতে হবে। স্মরণসভা শুরুর আগে প্রয়াত সাংবাদিক গৌতম দাসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের নেতারা ও উপস্থিত সাংবাদিকেরা। পরে তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। এ সময় তাঁর কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
‘গৌতম দাসের সাহসী সাংবাদিকতা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়’
