রংপুরকে উড়িয়ে রেকর্ড শিরোপা খুলনার

নবচেতনা ক্রীড়া ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রংপুরকে হারিয়ে রেকর্ড অষ্টম শিরোপা জিতেছে খুলনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে ছয় বছর পর আবার শিরোপা নিজেদের করে নিল খুলনা।

শেষ দিনে রংপুরের ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার এনামুল হক ও আজিজুল হাকিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় খুলনা।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ রাউন্ডের চতুর্থ ও শেষ দিনে ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার এনামুল ও আজিজুল। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ১২৩ রান। মাত্র ৩৮ বলে ফিফটি পূর্ণ করা এনামুলের ৮১ রানের ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছক্কা।

আবু হাশিমের বলে এনামুল ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর কালাম সিদ্দিকী আলীকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন আজিজুল। ৫৫ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন কালাম। আর ৯টি চার ও ২টি ছক্কায় ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন আজিজুল।

৬৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন এনামুল। অন্যদিকে ১২৩ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন আজিজুল।
শেষ রাউন্ড শুরুর আগে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ছিল মোহাম্মদ মিঠুনের খুলনা। শিরোপা নিশ্চিত করতে এই ম্যাচে তাদের প্রয়োজন ছিল কেবল হার এড়ানো।

এর আগে সোমবার বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে সাময়িকভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল সিলেট।

শেষ রাউন্ড থেকে পূর্ণ ১০ পয়েন্ট পাওয়ায় তাদের সংগ্রহ দাঁড়ায় ৩২। তবে রংপুরকে হারিয়ে আবারও শীর্ষস্থান ফিরে পায় খুলনা। তাতেই নিশ্চিত হয় তাদের শিরোপা জয়।
ম্যাচের প্রথম ইনিংসে অবশ্য কিছুটা চাপে পড়েছিল খুলনা। রংপুরের ৩৩৮ রানের জবাবে ৩২২ রানে অলআউট হয়ে ১৬ রানে পিছিয়ে পড়ে তারা।

তবে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় খুলনা। সফর আলীর ৫ উইকেট এবং মেহেদী হাসান রানার ৪ উইকেটের সামনে মাত্র ১৮৪ রানেই গুটিয়ে যায় রংপুর। ফলে জয়ের জন্য খুলনার লক্ষ্য দাঁড়ায় ২০১ রান।
নবচেতনা/এআর