নবচেতনা প্রতিবেদক : পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে প্রথম ধাপের ভোট
শেষ ধাপের ভোট হবে ২৭ মে। এর মধ্যে প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
তিনি জানান, প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। এ সময়ের ৫০ দিন আগে-পরে প্রথম ধাপের নির্বাচন আয়োজন করা হতে পারে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
ইসি সানাউল্লাহ বলেন, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না, সেগুলো পরবর্তী সময়ে এ ধাপে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে।
ইউপি নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনব্যাপী এ সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী ১০ ডিসেম্বরের আগেই সংলাপ শেষ করতে চায় কমিশন।
নবচেতনা/এআর
