মস্কোগামী কয়েক শত ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার


নবচেতনা আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া সোমবার জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত রাতে ইউক্রেনের ছোড়া ১ হাজার ৩০০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে । এসব ড্রোনের মধ্যে কয়েক শত মস্কোকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের মধ্যে এটি ইউক্রেনের অন্যতম বড় ড্রোন হামলা।

চীনের শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের শীর্ষ বৈঠকের কয়েক দিন আগে এ হামলা চালানো হলো। তবে মার্কিন কর্মকর্তারা জানান, বৈঠকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ আলোচনার প্রধান বিষয় হবে বলে মনে করা হচ্ছে না।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, গত রাতে এবং সোমবার সকাল পর্যন্ত মস্কো অঞ্চলের দিকে আসা প্রায় ৬০০টি ড্রোন প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

তিনি বলেন, ‘বেশিরভাগ ড্রোনই দূরবর্তী এলাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।’ এ ছাড়া মস্কোর দিকে আসার পথে ১৯১টি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত রাতে বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ১ হাজার ৩৩৬টি পাখাবিশিষ্ট ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এসব অঞ্চলের মধ্যে মস্কো এলাকাও রয়েছে। এ ছাড়া কৃষ্ণসাগর ও আজভ সাগরের ওপরও ড্রোনগুলো প্রতিহত করা হয়।

রাশিয়ার এই ড্রোন প্রতিহত করার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার একটি বড় পেট্রোকেমিক্যাল কারখানা, একটি তেল শোধনাগার এবং সামরিক সরঞ্জাম উৎপাদনকেন্দ্রে হামলা চালায়। রাশিয়ার অভ্যন্তরে গভীর পর্যন্ত হামলা চালানোর কিয়েভের অভিযানের অংশ হিসেবে এসব হামলা করা হয়।

এদিকে, সোমবার চীন নিশ্চিত করেছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে আগামী ১৯ নভেম্বর শেনজেনে ট্রাম্প ও পুতিনের সঙ্গে বৈঠক করবেন সি চিনপিং।

এর আগে ক্রেমলিন ও হোয়াইট হাউসও এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে।

তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বেইজিং। ট্রাম্প জানান, তিনি বৈঠকে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে চান।

মার্কিন কর্মকর্তাদের মতে, তিন নেতার এই বৈঠকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।

যুদ্ধ বন্ধের লক্ষ্যে ওয়াশিংটন কিয়েভ ও মস্কোর সঙ্গে পৃথক আলোচনা চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে মার্কিন আলোচকেরা পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।
নবচেতনা/এআর