নবচেতনা আইন ও আদালত ডেস্ক : মানব পাচার ও অভিবাসী চোরাচালানসংক্রান্ত মামলার কার্যকর বিচার এবং অপরাধীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া আরও শক্তিশালী করতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলার ৩২ জন বিচার বিভাগীয় কর্মকর্তা অংশ নেবেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে।
প্রশিক্ষণ কর্মশালার শিরোনাম ‘ট্রেনিং ওয়ার্কশপ ফর দ্য জাজেস অব দ্য মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনাল অন দ্য ইফেক্টিভ প্রসিকিউশন অব ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড স্মাগলিং অব মাইগ্র্যান্টস কেইসেস’। ঢাকায় পৃথক দুটি কর্মশালায় এসব বিচারককে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম কর্মশালাটি আগামী ২১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর হোটেল হলিডে ইন-এ অনুষ্ঠিত হবে। এতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের ১৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দ্বিতীয় কর্মশালাটি আগামী ২৮ নভেম্বরর শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারকসহ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ১৫ জন বিচারক অংশ নেবেন।
প্রশিক্ষণে মানব পাচার ও অভিবাসী চোরাচালানসংক্রান্ত মামলার কার্যকর বিচার, অপরাধের তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে।
প্রশিক্ষণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের সিনিয়র লিগ্যাল অফিসার অমৃতা সরকারের সঙ্গে ০১৭১৩-৯৭৮৮৫৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ শাখা-২ থেকে গত ১২ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে উপসচিব (প্রশিক্ষণ) মো. বুলবুল হোসেন স্বাক্ষর করেন।
নবচেতনা/এআর
