ফরিদপুর ব্যুরো: ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জনসেবার মান এবং দাপ্তরিক সমস্যাগুলো পর্যালোচনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এ সময় উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা, সরকারি সেবার মানোন্নয়ন এবং দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভা শুরু হয়। বেলা সাড়ে ১২টায় সভা শেষ হয়।
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) বাকাইদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাবিবুল্লাহ এহসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুমন রায়, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এএফএম আনিছুর রহমান, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া এবং সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল হালিম।
এ ছাড়া জেলার অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফরিদপুর মেডিকেল কলেজের পরিচালক, জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, বিদ্যুৎ বিভাগ, পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অর্জন ও সমস্যার বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন। এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও দাপ্তরিক কার্যক্রমের বিস্তারিত তথ্য জানতে চান। পাশাপাশি চলমান উন্নয়নকাজ যথাসময়ে শেষ করা এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও পর্যালোচনা করা হয়। নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান জেলা প্রশাসক। কোথাও সন্দেহজনক কর্মকাণ্ড বা নাশকতার আশঙ্কা দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার নির্দেশনা দেন তিনি।এ ছাড়া আগামী ১৭ নভেম্বর এলপিআরজনিত কারণে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল হালিমের বিদায় প্রসঙ্গেও সভায় আলোচনা হয়। সভায় জেলা প্রশাসক মাজহারুল ইসলাম জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সরকারি দপ্তরগুলোর কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
