মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় নিখোঁজের চার দিন পর আশিক খান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে দক্ষিণ কান্দি ঘটকচর এলাকার আলামদ্দিন মাতুব্বরের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আশিক খান দক্ষিণ কান্দি ঘটকচর গ্রামের মৃত আজিজ খানের ছেলে। তিনি কেন্দুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর মাদক মামলায় কারাভোগ শেষে বাড়িতে ফেরেন আশিক। এরপর বাড়ির পাশের খালে মাছ ধরার জন্য জাল নিয়ে বের হন তিনি। কিন্তু এরপর আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। রোববার বেলা ১১টার দিকে তাঁর মেজ বোন সাহিদা আক্তার আলামদ্দিন মাতুব্বরের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে শনাক্ত করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
এদিকে আশিকের মৃত্যুকে ঘিরে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয়দের কেউ কেউ ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্?ঘাটনের চেষ্টা করছে পুলিশ।
মাদারীপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ
