কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

আল আমিন, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুনের সৃষ্টি হলে স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ জানান। একই অভিযোগ তুলে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুকে পোস্ট করেন।
ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে এনসিপির কুষ্টিয়া জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন যোদ্ধা ও সংসদ সদস্যের গ্রামের বাড়িতে এ ধরনের পেট্রোল বোমা হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ ধরনের পেট্রোল বোমা ব্যবহারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
সুলতান মারুফ তালহা বলেন, একজন সংসদ সদস্যের বাড়িই যদি এ ধরনের হামলার ঝুঁকিতে থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি কুষ্টিয়াসহ সারা দেশে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।