রান্নাঘরের বর্জ্য থেকে জ্বালানি, হংকং কম্পিটিশনে দ্বিতীয় বাংলাদেশের টিম ল্যাজারাস

নবচেতনা শিক্ষাঙ্গন ডেস্ক : বর্জ্যকে সম্পদে রূপান্তরের এক অভিনব ভাবনা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন টিম ল্যাজারাস। ডেটা ডেভলপমেন্ট প্রাইজ (ডিডিপি) ২০২৬ হংকং কেস কম্পিটিশনে এই টিম অর্জন করেছেন আন্তর্জাতিক পর্যায়ে দ্বিতীয় স্থান।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিয়ান আইদিদের নেতৃত্বে ৬ সদস্য তাঁদের উদ্ভাবনী প্রকল্প ‘নেক্সা ফুয়েল – ফ্রম ওয়েস্ট টু উইংস’-এর মাধ্যমে ব্যবহৃত রান্নার তেল থেকে টেকসই উড়োজাহাজের জ্বালানি উৎপাদনের সম্ভাবনা তুলে ধরেন।

একদিকে পরিবেশদূষণ, অন্যদিকে জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা। এই দুই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে রান্নাঘরের ফেলে দেওয়া ব্যবহৃত তেলকে উড়োজাহাজের জ্বালানিতে রূপান্তরের সম্ভাবনা খুঁজে পেয়েছেন ছয় তরুণ। তাঁদের এই ভাবনা কেবল একটি প্রতিযোগিতার প্রকল্পেই সীমাবদ্ধ থাকেনি, বরং পৌঁছে গেছে আন্তর্জাতিক মঞ্চে। আর সেই যাত্রায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দ্বিতীয় স্থান অর্জন করেছে টিম ল্যাজারাস।

এই দলের অন্যতম সদস্য বুটেক্সের শিক্ষার্থী আরিয়ান আইদিদ। তাঁর ভাষায়, এই অর্জন কেবল একটি প্রতিযোগিতায় ভালো করার গল্প নয়; বরং নতুন কিছু শেখা, ভিন্ন পরিবেশের মানুষের সঙ্গে কাজ করা এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের সক্ষমতা তুলে ধরার এক স্মরণীয় অভিজ্ঞতা।

যেভাবে শুরু টিম ল্যাজারাস-এর যাত্রা

টিম ল্যাজারাস-এর যাত্রার শুরুটা ছিল কিছুটা ভিন্ন। প্রথমে বাংলাদেশে অনুষ্ঠিত হয় ডিডিপি ২০২৬-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। এর প্রাথমিক ধাপে অনলাইন কুইজের মাধ্যমে নির্বাচিত হন ৩০ জন প্রতিযোগী। পরবর্তী সময়ে তাঁদের ছয়জন করে পাঁচটি দলে ভাগ করা হয়। তবে দল গঠনের ক্ষেত্রে আগে থেকে পরিচিতি বা নিজস্ব পছন্দের সুযোগ ছিল না; বরং লটারির মাধ্যমে সদস্য নির্বাচন করা হয়।

এভাবেই ছয় সদস্যের টিম ল্যাজারাস গঠিত হয়। দলের সদস্যরা হলেন- আরিয়ান আইদিদ (বুটেক্স), হোসাইন (আইইউব্যাট), সায়েদা ফাবিহা (ঢাকা বিশ্ববিদ্যালয়), সুরভি (গ্রিন ইউনিভার্সিটি), আতীক রহমান (বিজিএমইএ) এবং আমিত (বুটেক্স)। আমিত দলের বিকল্প সদস্য হিসেবে থাকায় আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করতে পারেননি।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই দলের শুরুটা ছিল একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, কাজের ধরন বোঝা এবং সম্মিলিতভাবে একটি ধারণাকে বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনায় রূপ দেওয়ার প্রচেষ্টা। আর এভাবেই শুরু হয় তাঁদের ল্যাজারাস-যাত্রা।

বর্জ্য থেকে জ্বালানি, নেক্সা ফুয়েল-এর উদ্ভাবনী ভাবনা

‘নেক্সা ফুয়েল – ফ্রম ওয়েস্ট টু উইংস’ প্রকল্পের মূল ধারণা হলো ব্যবহৃত রান্নার তেল থেকে সাস্টেইনেবল উড়োজাহাজ জ্বালানি উৎপাদন করা, যা উড়োজাহাজে প্রচলিত জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহারের উপযোগী।

প্রকল্পটির ধারণা সম্পর্কে আরিয়ান জানান, বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের কারণে সৃষ্ট কার্বন নিঃসরণ কমানোর প্রয়োজনীয়তা থেকেই তাঁরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেন। প্রচলিত জ্বালানির বিকল্প হিসেবে সাস্টেইনেবল উড়োজাহাজ জ্বালানি একটি সম্ভাবনাময় সমাধান। অন্যদিকে ব্যবহৃত রান্নার তেল খাদ্য উৎপাদনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা তৈরি করে না এবং প্রচলিত জীবাশ্ম জ্বালানির তুলনায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর সুযোগ তৈরি করে।

বাংলাদেশের প্রেক্ষাপটেও এই ধারণার যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে মনে করেন তাঁরা। দেশের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ থেকে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ ব্যবহৃত রান্নার তেল উৎপন্ন হয়। যথাযথ ব্যবস্থাপনার অভাবে এসব তেল অনেক সময় পরিবেশদূষণের কারণ হয়ে দাঁড়ায়। তাঁদের প্রস্তাবিত মডেলে এই বর্জ্যকে সংগ্রহ করে মূল্যবান জ্বালানির কাঁচামাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।

এতে একদিকে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানোর সম্ভাবনা তৈরি হবে, অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ সৃষ্টি এবং দেশের জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা মিলতে পারে। অর্থাৎ, যে বর্জ্য পরিবেশের জন্য সমস্যা হয়ে উঠতে পারে, সেটিকেই অর্থনৈতিক সম্পদে পরিণত করার সম্ভাবনা দেখিয়েছে নেক্সা ফুয়েল।

হংকংয়ের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর হংকংয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতাকে স্মরণীয় বলে উল্লেখ করেন আরিয়ান। বিভিন্ন দেশ থেকে আসা মেধাবী দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার পাশাপাশি তাঁদের উদ্ভাবনী চিন্তা, উপস্থাপনার কৌশল ও সমস্যা সমাধানের পদ্ধতি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তাঁরা।

তাঁর কাছে এই প্রতিযোগিতার গুরুত্ব কেবল পুরস্কার অর্জনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের একটি ধারণা তুলে ধরতে পারাটাই ছিল বড় গর্বের বিষয়।

দ্বিতীয় স্থান অর্জনের মুহূর্তটি স্মরণ করে আরিয়ান বলেন, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে হংকং পর্যন্ত পৌঁছাতে অনেক পরিশ্রম, চাপ, অনিশ্চয়তা ও প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁদের। ফলাফল ঘোষণার পর আনন্দের পাশাপাশি আবেগও কাজ করছিল। তাঁরা প্রথম হওয়ার প্রত্যাশা করেছিলেন, তবে দ্বিতীয় স্থান অর্জনও তাঁদের জন্য ছিল বড় প্রাপ্তি।

আরিয়ানের ভাষায়, ‘সবচেয়ে বিশেষ বিষয় হলো, আমরা শুধু নিজেদের জন্য প্রতিযোগিতা করিনি; বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম তুলে ধরতে পেরেছি, আমার কাছে এটি দ্বিতীয় স্থান অর্জনের চেয়েও অনেক বড় সাফল্য।’

সাফল্যের পেছনে সম্মিলিত প্রচেষ্টা

নিজের অবদান সম্পর্কে বলতে গিয়ে আরিয়ান স্পষ্ট করেন, এই অর্জন কোনো একজনের একক সাফল্য নয়। গবেষণা, ধারণা উন্নয়ন, আলোচনা ও প্রস্তুতির বিভিন্ন পর্যায়ে তিনি নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে দলের প্রত্যেক সদস্যই নিজ নিজ জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টাই এই অর্জনের পথ তৈরি করেছে।

এ যাত্রায় পরিবারের অনুপ্রেরণা ও সহযোগিতার পাশাপাশি মেন্টরদের দিকনির্দেশনাও গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ায় ডেটাডেভেলপ কনসাল্টিং লিমিটেড এবং একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রতিষ্ঠান দুটির পূর্ণ স্পনসরশিপ ছাড়া হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তাঁদের জন্য কঠিন হতো বলেও জানান আরিয়ান।

প্রতিযোগিতার গণ্ডি পেরিয়ে বাস্তবায়নের স্বপ্ন

টিম ল্যাজারাস-এর লক্ষ্য শুধু প্রতিযোগিতায় সাফল্য অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়। নেক্সা ফুয়েল-কে বাস্তবে রূপ দেওয়ার আগ্রহও রয়েছে তাঁদের। এ বিষয়ে আরিয়ান জানান, হংকং সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অর্থায়ন পেলে তাঁরা প্রকল্পটি নিয়ে আরও কাজ করতে আগ্রহী। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা, গবেষণা এবং সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে ধারণাটিকে আরও এগিয়ে নিতে চান তাঁরা।

তবে এ উদ্যোগ বাস্তবায়নে বিনিয়োগকারী, শিল্পপ্রতিষ্ঠান ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সহযোগিতা প্রয়োজন হবে বলে মনে করেন তিনি।

জাতীয় পর্যায়ের একটি প্রতিযোগিতা থেকে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব—টিম ল্যাজারাস-এর এই যাত্রা আরিয়ানের কাছে কেবল একটি অর্জন নয়, বরং ভবিষ্যতের জন্য মূল্যবান শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। তাঁর বিশ্বাস, পরিশ্রম, নিষ্ঠা ও দলগত প্রচেষ্টা থাকলে বাংলাদেশের তরুণদের পক্ষেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা তুলে ধরা এবং দেশের জন্য গৌরব বয়ে আনা সম্ভব।
নবচেতনা/এআর