মাসুদ আহমেদ গজারিয়া : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের পাঙ্গাসিয়া নদীর ওপর নিজ অর্থায়নে দুইশত ফুট দীর্ঘ একটি সাঁকো নির্মাণ করে দিয়েছেন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও ইমামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সবুজ শিকদার। তাঁর এ উদ্যোগে কৃষিকাজে নিয়োজিত কয়েকটি এলাকার মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, হোগলাকান্দি, যষ্টিতলা, করিম খাঁ, চৌদ্দকাউনিয়া এলাকাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ পাঙ্গাসিয়া নদীর ওপারে প্রায় এক হাজার বিঘা জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু নদীতে কচুরিপানা জমে থাকায় এবং সহজে পারাপারের ব্যবস্থা না থাকায় কৃষকদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে জমিতে বীজ, সার ও কৃষি উপকরণ নিয়ে যাওয়া এবং উৎপাদিত ফসল আনা-নেওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হতো তাঁদের। স্থানীয় কৃষক আবুল হোসেন বলেন, “আমাদের ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। পাঙ্গাসিয়া নদীর ওপারে আমাদের কৃষিজমি রয়েছে। নদীতে কচুরিপানা জমে থাকায় বীজ, সার নিয়ে জমিতে যাওয়া এবং ফসল আনা-নেওয়া করতে অনেক কষ্ট হতো। সাঁকো নির্মাণ করে দেওয়ায় এখন আমাদের চলাচলে অনেক সুবিধা হবে।
এ বিষয়ে মো. সবুজ শিকদার বলেন, “শীত মৌসুমে কৃষকদের ফসল উৎপাদনের ব্যস্ততা বেড়ে যায়। এ সময় নদী পারাপারে সমস্যার কারণে অনেক কৃষককে দুর্ভোগ পোহাতে হয়। কৃষকদের কষ্টের কথা বিবেচনা করে স্বল্প ব্যয়ে নিজ উদ্যোগে দুইশত ফুট দীর্ঘ এই সাঁকো নির্মাণ করে দিয়েছি। কৃষকরা যেন সহজে জমিতে যেতে পারেন এবং তাঁদের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারেন, সেটিই আমার উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষকবান্ধব। কৃষকদের কল্যাণে আমরা সব সময় তাঁদের পাশে থাকতে চাই। কৃষি ও কৃষকের উন্নয়নে এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।” স্থানীয় কৃষকরা জানান, পাঙ্গাসিয়া নদীর ওপর সাঁকো নির্মাণের ফলে হোগলাকান্দিসহ আশপাশের কয়েকটি এলাকার কৃষকদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অনেকটাই সমাধান হবে। তাঁরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাঙ্গাসিয়া নদীতে দু’শ’ ফুটের সাঁকো নির্মাণ করলেন সবুজ শিকদার
