ফেনীতে অভিযানে ডাকাত, কিশোর গ্যাং ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ২৫

সাহেদ চৌধুরী, ফেনী : ফেনী জেলা পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের সক্রিয় সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক কারবারি, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ। এ সময় ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফেনী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর দিকনির্দেশনায় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ০৭ ও ০৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮: পুলিশ সূত্রে জানা যায়, গত ০৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত অনুমান ৩:০০ ঘটিকার সময় ফেনী পৌরসভার ১নং ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার পুরাতন জেলখানার ৫০ গজ পূর্বে তিন রাস্তার মোড় থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন ডাকাত দলের সক্রিয় সদস্য ও একাধিক মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ১. মো. ইব্রাহীম (২৫), পরশুরাম, ফেনী। ২. মো. মনির হোসেন (৩০), কালকিনী, মাদারীপুর (বর্তমানে ফেনী পৌরসভা)। ৩. শহিদুল আলম ওরফে খান সাব (৩৭), জোরারগঞ্জ, চট্টগ্রাম। ৪. নাজিম পাটোয়ারী (৩৬), পরশুরাম, ফেনী। ৫. মো. ইলিয়াস (৩৩), পরশুরাম, ফেনী। ৬. মো. রিয়াদ (২০), পরশুরাম, ফেনী। ৭. মো. আরিফুল ইসলাম বাবু (২৮), পরশুরাম, ফেনী। ৮. মো. শহিদুল ইসলাম শুভ (২৮), পরশুরাম, ফেনী।
মাদক উদ্ধার ও অন্যান্য গ্রেপ্তার: এছাড়া পৃথক অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মো. ইমন (২০) ও আরিয়ান হোসেন আরিফ (১৯); উভয়ের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। পাশাপাশি অভিযানে ১টি সিআর সাজা পরোয়ানা, ৩টি জিআর পরোয়ানা, ৩টি সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য মাদকসেবীদের গ্রেপ্তার করা হয়। সর্বমোট ২৫ জন আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান: গত ০৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য শরিফুল ইসলাম (১৫), মো. জিহাদ (১৬), ইসমাইল হোসেন (১৫), আবু সামিয়াদ নিরব (১৬) ও ইফতেখার হোসেন (১৫)-কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ফেনী সদর থানায় দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় গত ০৭/১১/২০২৬ তারিখে এফআইআর নং-১৫ (জিআর নং-৭০৬) রুজু করা হয়। এছাড়া ০৮ নভেম্বর ২০২৬ তারিখে উক্ত মামলার আরও এক কিশোর গ্যাং সদস্য সাফায়েত হোসেন (১৫)-কে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় ফেনী জেলাকে মাদক ও অপরাধমুক্ত করতে মাদক স্পটগুলোতে নিয়মিত অভিযান এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম বিভিন্ন ঘটনায় ২৫ আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।