ফরিদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


ফরিদপুর ব্যুরো: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. বাকাহীদ হোসেন, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল এবং ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক আবদুত তাওয়াব, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে জাতীয় ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির বিকল্প নেই। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।