রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সমন্বয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউল হক, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভিপি।
এতে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু এবং আবুল বাসার সতু প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
রামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
