নবচেতনা বিনোদন ডেস্ক: মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’। মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ২২১ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি তৈরি করেছে নতুন আলোচনার ঝড়। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, সিনেমাটির ভিজ্যুয়াল ইফেক্টস ও নির্মাণশৈলীও প্রশংসা কুড়াচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের।
নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী আয় করে ১২৭ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় দিনে ভারতের বাজারে ২৩ হাজার ৩১৬টি প্রদর্শনী থেকে ৪৮ কোটি ৫ লাখ রুপি নেট আয় করেছে এটি। সব মিলিয়ে ভারতে সিনেমাটির দুই দিনের নেট আয় দাঁড়িয়েছে ১১২ কোটি ৯০ লাখ রুপি। আর বিশ্বব্যাপী মোট আয় ২২১ কোটি ৫ লাখ রুপি।
বক্স অফিসের এই পরিসংখ্যান জানিয়েছে স্যাকনিল্ক। তাদের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দিনের আয়ের বড় অংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। এ সংস্করণে আয় হয়েছে ৩৫ কোটি ৫০ লাখ রুপি। এ ছাড়া কন্নড় সংস্করণ থেকে ৫ কোটি ১৫ লাখ, তেলেগু থেকে ৪ কোটি ৭৫ লাখ, তামিল থেকে ১ কোটি ৫০ লাখ এবং মালায়লাম সংস্করণ থেকে ১ কোটি ১৫ লাখ রুপি এসেছে।
টিকিট বিক্রিতেও এগিয়ে সিনেমাটি। প্রথম দুই দিনে বিক্রি হয়েছে প্রায় ৪৩ লাখ টিকিট। এর মধ্যে দ্বিতীয় দিনেই বিক্রি হয়েছে ১৮ লাখের কাছাকাছি। আন্তর্জাতিক বাজার থেকেও দ্বিতীয় দিনে এসেছে ৩৫ কোটি রুপি। দুই দিনে বিদেশের বাজারে সিনেমাটির মোট আয় ৮৬ কোটি ২৫ লাখ রুপি।
এদিকে সিনেমাটি দেখে প্রশংসায় ভাসিয়েছেন দক্ষিণী নির্মাতা শঙ্কর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়ায় তিনি ‘রামায়ণ’-এর দৃশ্যায়ন, ভিএফএক্স, সংগীত ও শব্দ পরিকল্পনার প্রশংসা করেন। বিশেষ করে যশের অভিনয় তাকে মুগ্ধ করেছে। যশকে আকর্ষণীয় খলনায়ক হিসেবেও উল্লেখ করেন তিনি।
নামিত মালহোত্রার প্রযোজনায় নির্মিত দুই পর্বের এই সিনেমার মোট বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি বলে জানা গেছে। প্রথম পর্বের গল্প শেষ হয়েছে সীতাহরণ ও জটায়ুর মৃত্যুর মধ্য দিয়ে। সীতাকে উদ্ধারের প্রতিজ্ঞা নিয়ে শেষ হয়েছে রামের যাত্রার প্রথম অধ্যায়।দীপাবলির ছুটিতে সিনেমাটির আয় আরও বাড়বে কি না, এখন সেই অপেক্ষা। তবে প্রথম দুই দিনের সাফল্যেই ‘রামায়ণ’ যে বছরের অন্যতম আলোচিত সিনেমা হয়ে উঠেছে, তা বলাই যায়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
নবচেতনা/এআর
