সৌমিত্র সুমন, কলাপাড়া (পটুয়াখালী) : পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকতকে পরিচ্ছন্ন ও আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সৈকতের জিরো পয়েন্টে পরিচ্ছন্নতার বার্তাসংবলিত সাইনবোর্ড ও ডাস্টবিন স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর সহকারী পরিচালক লোভানা জামিলের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ আয়োজনে সহযোগিতা করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সদস্যরা, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), স্বেচ্ছাসেবী সংগঠন ধূমকেতু, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা), অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী এবং ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী।কর্মসূচির অংশ হিসেবে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পূর্ব ও পশ্চিম পাশে প্রায় আধা কিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৈকতের স্থানীয় ব্যবসায়ীদের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি পর্যটক ও স্থানীয়দের মধ্যে সৈকত পরিচ্ছন্ন রাখার সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার বলেন, পরিচ্ছন্ন কুয়াকাটা গড়ে তুলতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। শুধু এক দিনের অভিযান নয়, নিয়মিতভাবে সৈকত পরিষ্কার রাখা এবং ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এ কাজে তাঁরা সব সময় সহযোগিতা করতে চান।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজ বলেন, কুয়াকাটার পর্যটনশিল্পের প্রধান আকর্ষণ সমুদ্রসৈকত। সৈকত অপরিচ্ছন্ন থাকলে পর্যটকদের কাছে নেতিবাচক বার্তা যায়। পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি পর্যটকদেরও যেখানে-সেখানে ময়লা না ফেলার বিষয়ে সচেতন করতে হবে।
কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক বলেন, কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে শুধু পৌরসভার একার পক্ষে এ কাজ সম্ভব নয়। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পর্যটক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সম্মিলিতভাবে কাজ করলেই পরিচ্ছন্ন কুয়াকাটা গড়ে তোলা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, টোয়াকের সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজ, উপরা’র আহ্বায়ক কেএম বাচ্চু, কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম রেজাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।
পরিচ্ছন্ন কুয়াকাটা গড়তে সৈকতে সাইনবোর্ড ও ডাস্টবিন স্থাপন
