রিপাবলিকানদের পক্ষে ৪৫৫ মিলিয়ন ডলার খরচ, ফলাফলের পর যা বললেন মাস্ক


নবচেতনা আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থীদের পেছনে বড় অংকের অর্থ ঢেলেছেন দেশটির বিলিয়নেয়ার ব্যবসায়ী ইলন মাস্ক। কিন্তু এরপরেও ফলাফল ঘরে তুলতে পারেনি ক্ষমতাসীনরা।

নির্বাচনী অর্থায়ন পর্যবেক্ষণকারী স্বাধীন সংস্থা ওপেন সিক্রেটস এর তথ্য অনুযায়ী, রিপাবলিকান প্রার্থীদেরকে সমর্থন করার জন্য মধ্যবর্তী নির্বাচনে অন্তত ৪৫৫ মিলিয়ন ডলার খরচ করেছেন তিনি।

টেক্সাসের সেনেট নির্বাচনে, রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে সমর্থন করতে ২০০ মিলিয়ন ডলারের বেশি খরচ করেছেন মাস্ক। যদিও ডেমোক্র্যাট প্রার্থী জেমস ট্যালারিকোর কাছে হেরে গেছেন কেন প্যাক্সটন।

কয়েক বছর আগে মাস্ক তার বাসস্থান এবং কিছু ব্যবসায়িক স্বার্থ এই রাজ্যে স্থানান্তর করেছিলেন।

বিজয়ী ভাষণে, ট্যালারিকো তার সমর্থকদের বলেছেন যে, ‘আমরা এই রাজ্য এবং এই দেশের প্রত্যেক বিলিয়নিয়ার, প্রত্যেক ট্রিলিয়নিয়ার এবং এই রাজনৈতিক ব্যবস্থার প্রত্যেক দুর্নীতিগ্রস্ত রক্ষককে একটা বার্তা পাঠিয়েছি যে, ক্ষমতা জনগণের।’

ফলাফল প্রকাশের পর বেশ কয়েক ঘণ্টা নীরব থাকার পর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া একটি পোস্টে মাস্ক লেখেন, ‘মনে হচ্ছে আমার নির্বাচনে হস্তক্ষেপকারী স্পেশ লেজারগুলো এবার কাজ করেনি।’

সিএনএনের নির্বাচনী ফলাফলের তথ্য অনুযায়ী, সিনেটে ডেমোক্র্যাটদের আসন ৫৪টি এবং রিপাবলিকানদের ৪২টি। অন্যদিকে, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ২২৭টি এবং রিপাবলিকানরা ১৩৫টি আসন পেয়েছে।
নবচেতনা/এআর