১৬ বিলিয়ন মাইল দূরে ভয়েজার-১, সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় নাসায় উদ্বেগ


নবচেতনা বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মহাকাশে মানুষের তৈরি সবচেয়ে দূরের বস্তু নাসার ঐতিহাসিক মহাকাশযান ভয়েজার-১ সম্প্রতি দুই দিনের জন্য যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যায়। এতে সাময়িক উদ্বেগে পড়েন মিশন-সংশ্লিষ্টরা। আগামী ১৮ নভেম্বর মহাকাশযানটি পৃথিবী থেকে ১৬ দশমিক ০৯ বিলিয়ন মাইল (২৫ দশমিক ৮৯ বিলিয়ন কিলোমিটার) দূরত্ব অতিক্রম করবে, যা প্রায় এক আলোক-দিনের (আলো এক দিনে যে দূরত্ব অতিক্রম করে) সমান।

‘ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং’-এর প্রতিবেদন অনুযায়ী, পূর্বনির্ধারিত যোগাযোগের সময় গত ১৮ ও ১৯ অক্টোবর নাসার ‘ডিপ স্পেস নেটওয়ার্ক’ ভয়েজার-১-এর কোনো সংকেত ধরতে পারেনি। তবে ২০ অক্টোবর পৃথিবী থেকে কোনো নির্দেশ ছাড়াই মহাকাশযানটি স্বয়ংক্রিয়ভাবে আবার সংকেত পাঠাতে শুরু করে। নাসার প্রকৌশলীরা জানিয়েছেন, মহাকাশযানটির একটি থ্রাস্টার হঠাৎ কাজ করা বন্ধ করে দিলে এর স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা চালু হয়ে যায় এবং ব্যাকআপ থ্রাস্টার সচল হয়। ঠিক কী কারণে এমনটি ঘটেছে, তা এখনো তদন্ত করে দেখা হচ্ছে।

ভয়েজার-১ বর্তমানে প্রতি ঘণ্টায় ৩৮ হাজার মাইল (৬১ হাজার ১৫৫ কিলোমিটার) বেগে আন্তঃনাক্ষত্রিক বা ইন্টারস্টেলার স্পেসের দিকে এগিয়ে যাচ্ছে।

নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির (জেপিএল) ভয়েজার মিশন ম্যানেজার করিম বদরুদ্দিন বলেন, মহাকাশযানটিতে এমন ঘটনা আমরা এই প্রথম দেখলাম। তবে আমরা এখন এমন এক পর্যায়ে আছি, যেখানে অপ্রত্যাশিত ঘটনার জন্যও আমাদের প্রস্তুত থাকতে হবে। ভয়েজার-১-এর সঙ্গে আবারও যোগাযোগ স্থাপন হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি এবং ঠিক কী ঘটেছিল, তা জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।

জেপিএল-এর ভয়েজার প্রজেক্ট ম্যানেজার সুজান ডড জানিয়েছেন, ভয়েজার-১-কে কোনো বার্তা পাঠালে পৃথিবীতে এর উত্তর আসতে এখন অন্তত দুই দিন সময় লাগে।
নবচেতনা/এআর