ফুলগাজী (ফেনী) প্রতিনিধি : জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে সামাজিক উন্নয়ন ও যুবসমাজের দক্ষতা বিকাশে অবদান রাখায় ফেনীর ফুলগাজীর গ্রামীণ প্রগতি সংস্থাকে সরকারি অনুদান ও সম্মাননা স্মারক প্রদান করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে আজাদ হোসেন চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল হক, সমবায় কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন এবং ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে যুব সংগঠকদের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।
গ্রামীণ প্রগতি সংস্থার পক্ষ থেকে জানানো হয়, জাতীয় যুব দিবসে এই সম্মাননা তাদের জন্য আনন্দ ও গর্বের। যুবসমাজের উন্নয়ন, দক্ষতা বিকাশ এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সংস্থার নিরন্তর প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রেরণা জোগাবে।
ফুলগাজীতে গ্রামীণ প্রগতি সংস্থাকে সরকারি অনুদান ও সম্মাননা স্মারক প্রদান
