প্রশ্ন ফাঁসের ঘটনায় এনবিআরের দুই কর্মী সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে জারি করা পৃথক অফিস আদেশে তাঁদের সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।

বরখাস্ত হওয়া দুই কর্মী হলেন এনবিআরের কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জাহাঙ্গীর আলম এবং উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের অফিস সহায়ক মো. নুর মোহাম্মদ।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাঁচ সরকারি কর্মচারীসহ সাতজনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এনবিআরের এই দুই কর্মীও ছিলেন।

গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২টি শূন্যপদের বিপরীতে নিয়োগের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী।

নির্ধারিত সূচি অনুযায়ী, ওই দিন সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে সকাল ১০টার পর প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এসআরবি ছায়াতদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।