কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ’ নামের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে।
নিহতদের মধ্যে ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুলের পরিবারের ছয় সদস্য রয়েছেন। তাঁরা হলেন ফারিয়া কবির (৩৩), নাফিস ইবতে হামিদ (২৪), পাঁচ বছর বয়সী ফাইজান, মিথিলা মেহজাবিন (২৩), লাইলা জাহান নাবিলা (২৪) ও মালিহা (২৮)। নাসিমা আক্তার মুক্তা (২৮) নামে একজন নিখোঁজ রয়েছেন। অন্য নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
দুপুরে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোরশেদ সাংবাদিকদের জানান, প্রথমে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়। আহত ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। পরে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজন পুরুষ, দুই নারী ও এক শিশু রয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে তিনটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধারকাজে সহায়তা করতে বিজিবিও ঘটনাস্থলে যোগ দেয়।
বেলা ১১টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, রিসোর্টে ২৭ জনের প্রবেশের তথ্য ছিল। তাঁদের মধ্যে নয়জন রিসোর্টের বাইরে ছিলেন। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব নয় বলে জানান তিনি।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হতাহত ব্যক্তিরা সবাই পর্যটক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।
