নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে সাংবাদিক এস.এ.এম. মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ড. নাহরিন ইসলাম খানকে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন।
অপর এক প্রজ্ঞাপনে একই আইনের একই ধারার বিধান অনুযায়ী সাংবাদিক এস.এ.এম. মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকার নির্ধারণ করবে।
