নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এ সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৭ অক্টোবর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কমিশন।
নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির জন্য বিস্তারিত সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। দাখিল করা আবেদন ইস্যুর শেষ তারিখ ৩ নভেম্বর এবং ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটার স্থানান্তরের আবেদনগুলো নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
আগামী জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে।
