সৌমিত্র সুমন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা প্রশাসন চত্বরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র?্যালি বের করা হয়। এতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র?্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস উল আযাদ এবং এনজিও প্রতিনিধি মো. মনিরুল ইসলাম। বক্তারা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং পরিবার থেকেই দুর্যোগ মোকাবিলার সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপণ ও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মহড়া প্রদর্শন করেন।
