সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় আহত আরও চার বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, আহত বাংলাদেশিদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক ও নিরাপদে থাকার অনুরোধ জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিমান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, রিয়াদের বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সংঘাত অবিলম্বে বন্ধ এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
