সৌদি আরবে সাঁড়াশি অভিযান, ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ১৪ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে আইনি প্রক্রিয়া শেষে ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে দেশজুড়ে অভিযান চালানো হয়। এসব অভিযানে মোট ১৩ হাজার ৮৮৯ জনকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৭৮৫ জন আবাসন আইন, ৩ হাজার ৭১০ জন সীমান্ত সুরক্ষা আইন এবং ৩ হাজার ৩৯৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৩৩৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৬ শতাংশ ইথিওপিয়ার এবং ৩৩ শতাংশ ইয়েমেনের নাগরিক। বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরব ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় আরও ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এক সপ্তাহে ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।