ePaper

অস্ত্র হাতে ভাইরাল ‘বুলেট শিবলু’ গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচনায় আসা মো. শিবলু ওরফে ‘বুলেট শিবলু’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিবলু হাইলধর ইউনিয়নের নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় শিবলু ৬৯ নম্বর আসামি। ওই মামলায় ৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আনোয়ারায় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের ওপর হামলার অভিযোগে করা মামলায় শিবলুকে প্রধান আসামি করা হয়েছে। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসা ডিএমপির এক সদস্যকে মারধর, মুঠোফোন ছিনিয়ে নেওয়া ও হেনস্তার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের ২৮ ফেব্রুয়ারি শিবলুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে এলাকায় ফিরে কিশোরদের নিয়ে দল গঠন এবং প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ ওঠে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তারের সময় শিবলুর কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আরও অপরাধের অভিযোগ আছে কি না, তা যাচাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, বিশেষ অভিযান চালিয়ে শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। অন্য কোনো থানায় তার বিরুদ্ধে মামলা আছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।