ePaper

৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ফেনী পৌরসভা পরিদর্শন

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা শিক্ষণীয় প্রশিক্ষণ ও পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে ফেনী পৌরসভা পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান ফেনী জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও ফেনী পৌরসভার প্রশাসক নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

এ সময় পৌরসভার বিভিন্ন কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে কর্মকর্তারা অবহিত হন। শিক্ষণীয় এ পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্যক্রম এবং নাগরিক সেবা প্রদানের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান তারা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ নজমুদ্দিন আহমদ, সহকারী প্রকৌশলী নাজমুল জিসান, উপসহকারী প্রকৌশলী বিপ্লব কুমার নাথ, প্রশাসনিক কর্মকর্তা এস.এম. শরাফত উল্যাহ চৌধুরীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্টরা জানান, প্রশাসন ক্যাডারের নবীন কর্মকর্তাদের মাঠপর্যায়ের বাস্তবতা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিচালনা, নাগরিক সেবা ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিতে এ ধরনের প্রশিক্ষণ ও পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে কর্মকর্তাদের প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক জ্ঞান আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।