ePaper

ফেনী সদরের ১২ ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

 নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় এবং ফেনী সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে শনিবার (৩ অক্টোবর ২০২৬) উপজেলা প্রশাসনের প্রণীত কর্মপরিকল্পনা অনুযায়ী এসব কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকার ড্রেন, নালা ও জমে থাকা পানি অপসারণ, ডেঙ্গুর সম্ভাব্য হটস্পট চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, গৃহস্থালী ভবন ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও প্রচারণা পরিচালনা করা হয়।

কর্মসূচির মাধ্যমে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠানসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিতভাবে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর প্রজননস্থল নিয়ন্ত্রণে রাখা সম্ভব।