অদক্ষ শ্রমিক দিয়েও গার্মেন্টস খাতকে দেশের শীর্ষ রপ্তানি শিল্পে পরিণত করার পেছনে নেতৃত্বের বড় ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অন্য খাতগুলো পিছিয়ে পড়ার অন্যতম কারণ নেতৃত্বের ঘাটতি বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্প মন্ত্রণালয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, উৎপাদনশীলতা বাড়াতে প্রযুক্তির ব্যবহারে জোর দিতে হবে। এ ক্ষেত্রে নেতৃস্থানীয় ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। ভালো পরিকল্পনা ও ভালো নেতৃত্বের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব।
তিনি বলেন, এআই বা প্রযুক্তি মানুষের বিকল্প হবে না। বিশ্বমানের দক্ষতা অর্জনের মাধ্যমে সবাইকে সম্মিলিতভাবে উৎপাদনশীলতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে।
