সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৬১ হাজার ১৫০ টাকাসহ শংকর চন্দ্র মজুমদার (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় ফেনী।
২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ বিকাল ১৭:৪৫ ঘটিকায় ফুলগাজী থানাধীন জি.এম হাট ইউনিয়নের শরীফপুর এলাকার প্রফুল্ল মজুমদার বাড়ীতে এই অভিযান পরিচালিত হয়।ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ফেনীর একটি রেইডিং টিম ফুলগাজীর শরীফপুর গ্রামের ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা শংকর চন্দ্র মজুমদারের নিজ দখলীয় পশ্চিম ভিটির পূর্ব দুয়ারি একতলা পাকা বসতঘরে তল্লাশি চালায়। অভিযানকালে ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির অবৈধ নগদ ১,৬১,১৫০/- (এক লক্ষ একষট্টি হাজার একশত পঞ্চাশ) টাকা উদ্ধারসহ অভিযুক্ত মাদক কারবারি শংকর চন্দ্র মজুমদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির পরিচয়: শংকর চন্দ্র মজুমদার (৪৫), পিতা- মৃত মনমোহন মজুমদার, মাতা- মৃত ভগবতী মজুমদার, সাং- শরীফপুর (প্রফুল্ল মজুমদার বাড়ী), ০৬ নং ওয়ার্ড, জি.এম হাট ইউ.পি, থানা- ফুলগাজী, জেলা- ফেনী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডিএনসি’র উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফুলগাজী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। জেলাকে মাদকমুক্ত রাখতে ডিএনসি’র এই ধরনের মাদকবিরোধী ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
