ePaper

রাড্ডা ক্লিনিক সংস্কারে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াত আমিরের

হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার সংস্কার ও কার্যক্রম পুনরায় চালু করতে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর-১ নম্বরের রাড্ডা এলাকায় অবস্থিত ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে তিনি এ অনুদানের ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আশা করছি, এই টাকা হাতে পেলে ভেঙে যাওয়া ঘরটি কিছুটা সংস্কার করা যাবে। এ টাকা দিয়ে প্রয়োজনীয় মূল্যবান যন্ত্রপাতি কিনে আবার মা, সন্তান ও শিশুদের সেবা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠানটি অর্ধশতাব্দী ধরে মানুষকে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে আসছে। তাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই। মানুষকে সেবা দেওয়াই তাদের একমাত্র এজেন্ডা। তাই সরকারের পক্ষ থেকে এখানে একটি মজবুত ও শক্তিশালী কাঠামো গড়ে দিতে হবে।’এর আগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, মুখোশধারী একদল ব্যক্তি স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মালামাল লুট করে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ভবন ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়।

এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।